ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সিআইএর নতুন বিধান
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ গত বুধবার বলেছে, তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার প্রতি অধিকতর সম্মান দেখাতে নতুন কিছু নিয়ম চালু করবে। তদন্তকাজের জন্য সিআইএ এ রকম তথ্য সংগ্রহ করে থাকে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিন আগে অ্যাটর্নি জেনারেল সিআইএর ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ করলেন। সিআইএ মূলত বিদেশি বিষয়াদি এবং রাষ্ট্রের প্রতি হুমকির মতো বিষয়গুলো নিয়ে কাজ করে। নতুন নিয়ম অনুযায়ী সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পর তদন্তকাজের পাঁচ বছরের মধ্যে তা নষ্ট করে ফেলবে। এ ক্ষেত্রে এত দিন ১৯৮১ সালের একটি নির্বাহী আদেশ বহাল ছিল। এতে সিআইএর সংগৃহীত উপাত্তের ওপর কড়াকড়ি কম ছিল। এতে করে অনেকের তথ্য ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
ট্রাম্প সরকার তথ্যের সুরক্ষা নিয়ে কম সংবেদনশীল হবে বলে অনেকের আশঙ্কা। মনে করা হচ্ছে, এ বিষয়ে সিআইএর নতুন ব্যবস্থার খবরে তাঁরা হয়তো কিছুটা আশ্বস্ত হবেন।