ব্যবসায় মন্দা, বন্ধ হচ্ছে চেইন শপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক মন্দার সরাসরি প্রভাব পড়েছে জনপ্রিয় চেইন শপগুলোতেও

নিউইয়র্ক নগরে কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা যাচ্ছিল। ছোট ছোট অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় চেইন স্টোরগুলোতেও মন্দার প্রভাব পড়ছিল। তবে করোনাভাইরাসের আগে অবস্থা এতটা নাজুক ছিল না। করোনা মহামারির পর এই বন্ধের হার বেড়েছে। ছোট ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ হচ্ছে অসংখ্য চেইন স্টোর।

সম্প্রতি সেন্টার ফর আরবান ফিউচারের এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক নগরজুড়ে এক হাজারের বেশি চেইন স্টোর রয়েছে। বিগত ১২ মাসে এর প্রতি সাতটির মধ্যে ১টি করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৩ বছরের পর্যালোচনায় দেখা গেছে, এ বছরই সবচেয়ে বেশিসংখ্যক চেইনস্টোর বন্ধ হচ্ছে।

তুলনামূলক ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউইয়র্ক নগরজুড়ে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ চেইন স্টোরগুলো হ্রাস পেয়েছে।

সিইউএফের তথ্য অনুসারে, ২০১৯ সালে পাঁচটি বরোতে ৭ হাজারা ৯৪৮টি

চেইন স্টোর ছিল। বর্তমানে এখানে ৬ হাজার ৮৯টি চেইন স্টোর রয়েছে। অর্থাৎ ১৩ দশমিক ৩ শতাংশ স্টোর কমেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ম্যানহাটনে। ১ হাজার ৫৭টি দোকানের মধ্যে বন্ধ হয়েছে ৫২০টি, যা নিউইয়র্কজুড়ে ৪৯ শতাংশের সমান। পরিসংখ্যান অনুযায়ী, ম্যানহাটনে এমন ১৬০টি স্টোর রয়েছে যা মহামারির বিধিনিষেধের কারণে অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

মার্চ মাসে গভর্নর অ্যান্ড্রু কুমোর নির্বাহী আদেশের পর নিউইয়র্ক স্পোর্টস ক্লাব ও বিলিয়নিয়ার ট্রাম্পের সমর্থক স্টিফেন রসের মালিকানাধীন সোলসাইকেলের মতো ফিটনেস প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। সাবওয়ে, প্রিট ম্যানগার, হেল অ্যান্ডহার্টিসহ বেশ কিছু স্যান্ডউইচ ও স্যুপ চেইনগুলোও সে সময় বন্ধ করে দেওয়া হয়।

করোনায় মানুষ ঘরে থাকায় টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো ক্রমবর্ধমানভাবে অনলাইনে কেনাবেচা হয়েছে। এতে জিম ও ফার্মেসিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মজীবী মার্কিনদের সকালের নাশতার তালিকায় সবার আগে ডানকিন। ৬১০টি আউটলেট নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অন্য যেকোনো খুচরা বিক্রেতার চেয়ে বেশি স্টোর রয়েছে ডানকিনের। কিন্তু করোনার শুরু থেকে ডানকিনের ১৮টি স্টোর বন্ধ হায়ে গেছে। মেট্রোপিসিএস, দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা গত এক বছরে ১৩৪টি দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে।

গত ১ বছরে দ্রুত লোকসানের পড়েছে জনপ্রিয় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান, রেস্টুরেন্ট। এর মধ্য ডুয়েন রিড ৭০টি স্টোর বন্ধ করে দিয়েছে, জিএনসি করেছে ৫১টি। এই বছরের শুরুতে দেউলিয়া হয়ে যাওয়ার পর ৪৩টি স্টোর বন্ধ করে দিয়েছে মডেলস চেইনস্টোর। বাসকিন-রবিনস বন্ধ করেছে ৩০টি আউটলেট। সাবওয়ে রেস্তোরাঁ ২৮৭টির মধ্যে বন্ধ করেছে ৩০টি, ম্যাক প্রসাধনী ৩৪টির মধ্যে ২৫টি, লা পেইন কোটিডিয়ান ৩৭টির মধ্যে ১৪টি, ভিক্টোরিয়া সিক্রেট ২২টির মধ্যে ৯টি, ওল্ড নেভি ২৩টির মধ্যে ৬টি এবং শেইক শেইক ২৫টির মধ্যে ৫টি আউটলেট বন্ধ করে দিয়েছে।

আবার ৪০টি খুচরা বিক্রেতা তাদের স্টোরের আউটলেট নতুন করে যুক্ত করেছে। পাপেইস ও টি-মোবাইল এই বৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে। সর্বমোট ১১টি করে স্টোর যুক্ত করেছে এই দুটি ব্যবসাপ্রতিষ্ঠান।

চলতি বছর ২০২০ সালের মহামারি তীব্র আকার ধারণ করায় বিভিন্ন চেইন স্টোর, প্রতিষ্ঠান, ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়। সিইউএফের তথ্য থেকে জানা যায়, নগরজুড়ে চেইন স্টোরগুলোর সম্প্রসারণ গত কয়েক বছর ধরেই শিথিল ছিল। ২০১৮ সালে ব্যাবসায় ০ দশমিক ৩ শতাংশ এবং ২০১৯ সালে ৩ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছিল।