ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে শো-বিজ আর ব্যবসা-বাণিজ্য নিয়ে। রাজনীতিতে যতটা অংশগ্রহণ ছিল, তা উল্লেখ করার মতো কিছু নয়। কিন্তু একজন ‘ফুলটাইম’ ব্যবসায়ী থেকে আচমকাই ঘুরে দাঁড়ালেন তিনি। হিলারি ক্লিনটনের মতো তুখোড় রাজনীতিককে নাটকীয়ভাবে ধরাশায়ী করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের চেয়ার দখল করলেন তিনি।
এই ‘পলিটিক্যাল ম্যাজিশিয়ান’ ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ব্যবসাশাস্ত্র নিয়ে ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৯৭১ সালে পৈতৃক আবাসন ব্যবসার দায়িত্ব নেন। সেটার সম্প্রসারণ করে ধীরে ধীরে হোটেল, বহুতল ভবন, গলফ কোর্স, ক্যাসিনো ব্যবসা প্রভৃতি গড়ে তোলেন।
ট্রাম্প বিয়ে করেছেন তিনবার, প্রথমটি ১৯৭৭ সালে। তিনি পাঁচ সন্তানের জনক। তাঁর প্রথম সন্তানের (ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র) জন্ম ১৯৭৮ সালে। নিউইয়র্কে ১৯৮৩ সালে ট্রাম্প টাওয়ার নির্মাণ করেন। ১৯৮৭ সাল পর্যন্ত ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করেন। বর্তমান দল রিপাবলিকান পার্টিতে যোগ দেন প্রথমে ১৯৮৭ সালে এবং পরে ১৯৯৯ সালে। রিফর্ম পার্টিতে যোগ দেন ১৯৯৯ ও ২০০১ সালে। ডেমোক্রেটিক পার্টিতে আবার যোগ দেন ২০০১ ও ২০০৯ সালে।
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ট্রাম্প ‘দ্য অ্যাপ্রেনটাইস’ নামের একটি টিভি রিয়েলিটি শো উপস্থাপনা করেন। ২০১২ সালে রিপাবলিকান পার্টিতে ফিরে আসেন। ২০১৫ সালের জুনে দলটির পক্ষ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রার্থী হন। ২০১৬ সালের মে মাসে দলীয় মনোনয়ন অর্জনের লড়াইয়ে জয়লাভ করেন। অবশেষে ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন।