ব্যবসায়ী নুরুজ্জামানকে বাংলাদেশে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুজ্জামানের জানাজায় প্রবাসীরা
নুরুজ্জামানের জানাজায় প্রবাসীরা

আমেরিকা প্রবাসী নুরুজ্জামান ভূঁইয়ার জানাজা গত ২৯ সেপ্টেম্বর বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শ্বশুর।
জানাজায় মরহুমের ছেলে, মেয়ে জামাই, নাতি, আত্মীয়-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী শরিক হন। জানাজার আগে মরহুমের জামাতা মোহাম্মদ এন মজুমদার মুসল্লিদের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজায় ইমামতি করেন পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মো. মাঈনুল ইসলাম।
মোহাম্মদ এন মজুমদার বলেন, তাঁর শ্বশুর নুরুজ্জামানের মরদেহ ৩০ সেপ্টেম্বর রাত ১১টায় এমিরাটসের একটি ফ্লাইটযোগে বাংলাদেশে পাঠানো হয়েছে। মোহাম্মদ এন মজুমদার, রেক্সোনা মজুমদারসহ মরহুমের স্বজনেরা একইদিন রাত ১০টায় কাতার এয়ার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশে যান। ফেনীর দক্ষিণ আনন্দপুর নিজ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আনন্দপুর হাজী নুরুজ্জামান ভূঁইয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাঁর মরদেহ দাফন করা হয়।
ব্যবসায়ী নুরুজ্জামান ভূঁইয়া গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, এক মেয়ে, ৭ নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের একমাত্র মেয়ে মোহাম্মদ এন মজুমদারের সহধর্মিণী রেক্সোনা মজুমদার নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর জুডিশিয়াল ডেলিগেট ও পার্কচেস্টার হোম এলএলসির প্রেসিডেন্ট।
নুরুজ্জামান ভূঁইয়া ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্কের ম্যানহাটনের ব্যবসা শুরু করেন। প্রথমে ম্যানহাটনে বসতি গড়ে তুললেও ১৯৮৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। তিনিই তাঁর পরিবারের সবাইকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শ্বশুর নুরুজ্জামান ভূঁইয়ার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছন মোহাম্মদ এন মজুমদার।