ব্যবসায়ী হলেও মানবাধিকার প্রতিষ্ঠা ফারজানার নেশা

নারী অধিকার ও নারীর ক্ষমতায়নে সোচ্চার স্বদেশের মানবাধিকারকর্মী ফারজানা হক সুদূর আমেরিকায় এসেও তাঁর আদর্শে অটল রয়েছেন। এ দেশে এসে তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বাংলাদেশ এবং আমেরিকায় নারী অধিকার রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন।
প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে ফারজানা হক জানান, পেশা হিসেবে গার্মেন্টস ব্যবসায় জড়িত থেকেও তিনি বাংলাদেশে মানবাধিকার সংগঠন ‘ওমেন ওয়াচ বাংলাদেশ’, ‘নারী জাগরণ’ ও ‘সার্চ হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’-এর সক্রিয় কর্মী হিসেবে নারীদের ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতা, তাদের নিরাপত্তা বিধান ও তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে একনিষ্ঠভাবে কাজ করেছেন।
ফারজানা জানান, তিনি বস্তিবাসী নারীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হওয়ার প্রেরণা জুগিয়েছেন। হাতের কাজ শিখে অনেক নারীই আত্মনির্ভরশীল হয়েছেন এবং তাদের অনুসরণ করে অন্যরাও আত্মনির্ভরশীল হয়েছেন।
পারিবারিক সহিংসতা বন্ধে ফারহানা তাঁর সংগঠনের মাধ্যমে নারীদের দায়িত্ব ও অধিকার সচেতন করেছেন। কী কী কারণে স্বামী বিরক্ত হতে পারে সেগুলো এড়িয়ে চলার জন্য তাদের পরামর্শ দিয়েছেন। বহুক্ষেত্রে স্বামী-স্ত্রীকে পাশাপাশি বসিয়ে তাদের মধ্যে সহনশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
পারিবারিক সহিংসতা রোধে তথা নারীদের নিরাপত্তায় তাঁদের নেওয়া পদক্ষেপ সম্পর্কে ফারজানা বলেন, ‘কোনো সমস্যা সীমার বাইরে চলে গেলে এবং অনবরত চলতে থাকলে নারীকে চুপ না থেকে আমরা প্রতিবাদী এমনকি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। অনেক ক্ষেত্রে তাদের আইনি সহায়তাও দেওয়া হয়েছে।’
আমেরিকায় এসেও মানবাধিকার আন্দোলন অব্যাহত রাখার বিবরণ দিতে গিয়ে এই মানবাধিকারকর্মী বলেন, নিউইয়র্কে তিনি ‘গ্রিন টার্চ’ নামক মানবাধিকার সংগঠনের পরিচালক এবং ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট’ নামক আরেকটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রিন টাচ অভিবাসীদের জন্য কাজ করছে। অভিবাসীদের বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া হয়। এ জন্য একজন অ্যাটর্নি নিয়োগ করা হয়েছে।
ফারজানা বলেন, ‘কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে আমার প্রতিবাদ কর্মসূচি পালন করি, বিক্ষোভ প্রদর্শন করি। রোহিঙ্গাদের ওপর পরিচালিত মিয়ানমার বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও নির্মম আচরণের বিরুদ্ধে আমাদের সংগঠনের নেতৃত্বে জ্যাকসন হাইট্স ও জাতিসংঘের সামনে বিক্ষোভ আয়েজন করেছি।’
ফারজানা বলেন, ‘গ্রিন টাচ’ সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য ইতিমধ্যে প্রায় ৩৫ হাজার ডলার কম্বল, ওষুধসহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। ‘গ্রিন টাচ’ প্রধান নিজে রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন। এ ছাড়াও গ্রিন টাচ প্রথম গ্রেড থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিশু শিক্ষার্থীদের বিনা পয়সা লেখাপড়ার শেখানোর প্রকল্প চালাচ্ছে।
সমাজকল্যাণে মাস্টার্স ফারজানা হক বলেন, গার্মেন্টস ব্যবসায়ী হলেও মানবাধিকার প্রতিষ্ঠাকে তাঁর মূল নেশা হিসেবে ধারণ করছেন। প্রবাসে এসেও তা অব্যাহত রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।