নিউইয়র্ক নগরীর সানিসাইড এলাকার একটি আবাসিক ভবনের ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করবে নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশন। ওই বাড়ির সামনে নব্য-নাৎসি এ বর্ণবাদী প্রতীক থাকায় বাড়িটির বিষয়ে তদন্তের কথা জানিয়েছে কমিশন। তদন্তে ভবনটিতে বসবাসকারী ভাড়াটেদের সঙ্গে নাৎসি-সুলভ আচরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
সানিসাইডের এ ভবন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন নেইল মিলানো নামের এক শ্বেতাঙ্গ ব্যক্তি। ভাড়াটেদের সঙ্গে তার আচরণে নাৎসি ও বর্ণবাদী চেতনার প্রতিফলন ঘটেছে কিনা, কমিশন তা খতিয়ে দেখবে। একই সঙ্গে ভাড়াটেদের হয়রানি, তাদের সঙ্গে পক্ষপাতমূলক কিংবা বিদ্বেষমূলক কোনো আচরণ তিনি করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি আলোচ্য ভবনে কোনো ভীতিকর পরিবেশে সৃষ্টি হয়েছিল কিনা এবং এসব কারণে নেইলের বিরুদ্ধে মামলা দায়েরের সুযোগ রয়েছে কিনা তাও তদন্ত করবে কমিশন।
আলোচ্য ভবনটির বাইরের দেয়ালে রয়েছে অ্যাডলফ হিটলার, বেনিতো মুসোলিনিসহ বেশ কয়েকজন স্বৈরশাসকের ছবি। রয়েছে স্বস্তিকা ও বন্দুকের ছবিও। আর এসব ছবি ওই ভবনের বাসিন্দাদের মনে ভয়ের সঞ্চার করছে।
কমিশনের উপকমিশনার হলিস ফিটশ এ বিষয়ে ‘নিউইয়র্ক ডেইলি নিউজ’কে জানান, নিউইয়র্ক নগরীতে কোনো ধরনের বৈষম্য, পক্ষপাতিত্ব ও হয়রানি সহ্য করা হবে না। এ ক্ষেত্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমন কোনো কিছুর প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মানবাধিকার কমিশন।
স্থানীয় কাউন্সিল মেম্বার জিমি ভন ব্র্যামার বলেন, এখানকার অনেক ভাড়াটেই মনে করেন যে, এখানে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অনেকেই মনে করেন তারা একটি প্রতিকূল পরিবেশে বাস করছেন। কেউ কেউ সহিংসতার আশঙ্কায় ভুগছেন। আর এমনটি অনুভব করা স্বাভাবিক নয়। এ ধরনের শঙ্কার পরিবেশ সৃষ্টি সংশ্লিষ্টদের মানবাধিকার লঙ্ঘনের শামিল।