ব্যস্ততা বেড়েছে ড্রাইভিং স্কুলগুলোয়

নিউইয়র্ক অঙ্গরাজ্যে কাগজপত্রহীন অভিবাসীরা ড্রাইভিং লাইসেন্স পেতে শুরু করেছেন। গ্রিনলাইট এনওয়াই নামক আইন পাস হওয়ায় ১৬ ডিসেম্বর থেকে নিউইয়র্কের অবৈধ অভিবাসীরা ড্রাইভিং লাইসেন্স পেতে শুরু করেছেন। এতে করে স্থানীয় ড্রাইভিং স্কুলগুলোয় বেড়েছে ব্যস্ততা।
নিউইয়র্কে বসবাসরত কাগজপত্রহীন হাজার হাজার বাংলাদেশিসহ নিউইয়র্কের লাখ লাখ অধিবাসী নিউইয়র্ক স্টেটের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সুযোগ নিচ্ছেন। ভিড় বাড়ছে ড্রাইভিং স্কুলগুলোতে। একই সঙ্গে এ-সংক্রান্ত আবেদনের জন্য ব্যস্ততা বাড়ছে সিটির বিভিন্ন ডিএমভি অফিসেও।
নিউইয়র্কের পপুলার ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার জানান, কাগজপত্রবিহীন অভিবাসীদের লাইসেন্স পেতে হলে প্রথমে ডিএমভি (মোটর ভেহিকল) অফিসে এমসিকিউ পরীক্ষায় পাস করে লার্নার পারমিট নিতে হয়। তারপর ফাইভ আওয়ারস প্রি লাইসেন্স কোর্স কপ্লেশন সার্টিফিকেট নিতে হবে। এ সনদ যেকোনো ড্রাইভিং স্কুল থেকে নেওয়া যাবে। তারপর রোড টেস্টে পাস করলেই মিলবে ড্রাইভিং লাইসেন্স। কম্পিউটারের মাধ্যমে এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার আগে ড্রাইভার্স ম্যানুয়াল অথবা নির্ধারিত প্রশ্নের উত্তর পড়ে যাওয়া আবশ্যক। আর লার্নার পারমিট পরীক্ষা দিতে যাওয়ার সময় সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে।