ব্যাংক ডাকাতির অর্থ বিলিয়ে ক্রিসমাস পালন

তিনি ব্যাংক থেকে অর্থ লুট করেছেন। কিন্তু এতেই তিনি সুখ পাননি। ওই অর্থ রাস্তায় ছড়াতে ছড়াতে যাচ্ছিলেন। এটাই ছিল তাঁর ক্রিসমাস উদ্যাপন। আর এই করতে গিয়েই শেষ পর্যন্ত ধরা পড়লেন ব্যাংক ডাকাত অলিভার।
ব্যাংক ডাকাতি করে তারপর সেই ডাকাতির অর্থ রাস্তায় ছুড়ছিলেন আর বলছিলেন, ‘মেরি ক্রিসমাস।’ কিন্তু ডাকাতির পর এভাবে ক্রিসমাস পালনই কাল হলো তাঁর। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই তাঁকে গ্রেপ্তার করে কলোরাডো পুলিশ। এই ঘটনার কথা ২৪ ডিসেম্বর নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে কলোরাডো স্প্রিং পুলিশ। তারা জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ডেভিড অলিভার। তাঁর বয়স ৬৫ বছর। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, কলোরাডোর ইস্ট পিকেস পিক অ্যাভিনিউ ও সাউথ টেজন স্ট্রিটের সংযোগস্থলের অ্যাকাডেমি ব্যাংকে বেলা সাড়ে ১২টার সময় ডাকাতি করেন অলিভার। তারপর সেই অর্থ কলোরাডোর রাস্তায় ছড়াতে ছড়াতে উল্লাস করছিলেন তিনি।