ব্যাংকের কারণে বেকার ভাতা পেতে দেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারিতে বেকার নিউইয়র্কবাসীর হতাশা থামছে না। গত সপ্তাহ থেকে করোনাকালীন বেকার ভাতা আবারও পাওয়ার কথা থাকলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে তা জমা পড়েনি। ভুক্তভোগীরা কখনো আঙুল তুলছেন গভর্নর কুমোর দিকে, আবার কখনো তুলছেন ব্যাংকের দিকে। ফেডারেল সরকারের তথ্যমতে, গত সপ্তাহে কর্মকর্তারা অ্যাকাউন্টে বেকার ভাতা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকেই ফেডারেল সরকারের বেকারত্বের সুবিধা পাননি।

করোনাভাইরাস প্রাদুর্ভাবকালে বন্ধ হওয়া ম্যানহাটনের বিখ্যাত গানের ভেন্যু কার্নেগি হলে কাজ কররেন ৬৫ বছর বয়সী এলিজাবেথ ওভারবিরনচি। তিনি কার্নেগি হলের বারটেন্ডার। তিনি, তাঁর সহকর্মী এবং আরও অনেক পরিচিত ব্যক্তি এখনো বেকারভাতার অর্থ পাননি। তিনি বলেন, ‘প্রত্যেকের লড়াই চলছে, আমাদের সবারই অর্থের দরকার। আমার কয়েকজন সহকর্মীর যাদের চেইজ ব্যাংকে সরাসরি জমা হওয়ার কথা রয়েছে, তারাও কোন ফেডারেল ফান্ড পাননি। অন্য সহকর্মী যাদের কী-ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারাও কিছুই পাচ্ছে না।’

কী–ব্যাংক হলো ২০ লাখের বেশি বেকার নিউইয়র্কবাসীকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রক্রিয়াকরণে ফেডারেল সরকারের চুক্তিবদ্ধ একটি সংস্থা।

গত সপ্তাহের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকার কর্মজীবীদের দ্বিতীয় পর্যায়ের বর্ধিত ৩০০ ডলারের চেক পেতে মোট ৮ লাখ ৮৪ হাজার কর্মহীন মানুষ ফেডারেল সাহায্য পেতে আবেদন করেছে, যার বেশির ভাগ আবেদনই করতে হয় ফোনের মাধ্যমে। লেবার ডিপার্টমেন্ট থেকে বলেছে চেষ্টা করুন। কিন্তু লাইন পেতে ব্যাপক সমস্যা। লাইন পেলেও তারা জানায়, আপনি ইতিমধ্যেই নিবন্ধিত হয়েছেন। এই বলে লম্বা সময় ফোনে অপেক্ষায় থাকতে হয়। তারপর দেখা যায়, সপ্তাহ শেষে অ্যাকাউন্টে কোন অর্থ জমা হয় না। এভাবে সপ্তাহজুড়ে চলে ফোনকল। এতে সময়ের অপচয় হয়। সঙ্গে পরিবারজুড়ে নেমে আসে হতাশা।

নাচ, গান, সিনেমা, সার্কাস, ফ্যাশন শো, মিটিংসহ নানা চোখ ধাঁধানো জাদুকরী সব আয়োজনের শহর নিউইয়র্ক। এই নগর কখনো ঘুমায় না বলে বিশ্বের কাছে পরিচিত। বেড়াতে আসা অতিথিদের নানা মনোহরী বিষয় দিয়ে জাগিয়ে রাখে এই শহর। আগামী জানুয়ারি পর্যন্ত এসবের কোন কিছুই খোলা হবে না। মিউজিক হল এবং সিনেমা হল বন্ধ থাকবে অনেক দিন।

এই শিল্পে কর্মরত সবাই অনেক কষ্টের দিন পার করছেন। তারা জীবনযুদ্ধ টিকে থাকার লড়াই করছেন। কার্নেগি হলের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরিকল্পনা আছে, এর সময় আরও বাড়তেও পারে। তাই আমাদের সবারই অর্থের দরকার আছে।’

শ্রম বিভাগ ও কী–ব্যাংক স্বীকার করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী প্রক্রিয়া করতে সময় লাগছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বেকার মজুরি সহায়তা কর্মসূচির মাধ্যমে ২.২৬ মিলিয়ন মানুষের আবেদনের মধ্যে তিন সপ্তাহের বেশি বেনিফিট প্রাপ্তিতে আটকে আছে অনেক মানুষ। তবে পর্যায়ক্রমে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১.৯ বিলিয়ন ডলার বেকার জনগোষ্ঠীর হাতে পৌঁছে দেওয়া হবে।

স্টেট ও ব্যাংকের কর্মকর্তারা বলছেন, শুক্রবার থেকে চাকরিজীবীদের উদ্বেগ কিছুটা কমে আসবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হবে। স্টেট বা ব্যাংকের কর্মকর্তারা যতই বলুক না কেন, নিউইয়র্কের লোকজন গভর্নর কুমোর ওপর ভরসা রাখে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় নিউইয়র্কবাসীর অভিযোগের কথা জানানো হলে কুমো তার সেক্রেটারি মেলিসা ডিরোসাকে ব্যবস্থা নিতে বলেন। ডিরোসা এই বিলম্বের জন্য কী–ব্যাংকে দোষারোপ করেন। ডিরোসা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভবিষ্যতে এই সমস্যার সমাধান না করে তবে ব্যাংকটির বিরুদ্ধ রাজ্য সরকার ব্যবস্থা নেবে।

কী–ব্যাংকের সঙ্গে রাজ্য সরকারের কর্মকর্তাদের কথা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলেছেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। তিনি আশা করেন, ভবিষ্যতে সরকারের সঙ্গে আরও বেশি কাজ করার স্বার্থেই ব্যাংক এসব সমস্যার জরুরি সমাধান করবে, কী–ব্যাংক এসব সমস্যা কাটিয়ে উঠবে।

কী–ব্যাংক পরে এক বিবৃতিতে জানায়, সব সমস্যার সমাধান করা হয়েছে। শ্রম বিভাগের সঙ্গে বকেয়া হিসাব মেলাতে গিয়ে তাদের চেক পেতে বিলম্ব হয়েছে।