ব্যাংকের ভুলে মিলিয়নিয়ার

হঠাৎ করে নিজের ব্যাংক হিসাব চেক করতে গিয়ে বাড়তি অর্থ পাওয়া যায়, তাতে আনন্দিত হওয়াটা স্বাভাবিক। আর বাড়তি ওই অর্থের পরিমাণ যদি হয় ৩৭ মিলিয়ন ডলার তবে তো আনন্দে আত্মহারা হওয়াটাও কম। ঠিক এ ঘটনাই ঘটেছে সম্প্রতি টেক্সাসে।
টেক্সাসের লিগ্যাসি টেক্সাস ব্যাংকের রুথ বেলন নামের এক সাধারণ গ্রাহক তাঁর ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে অতিরিক্ত ৩৭ মিলিয়ন ডলার পান। আনন্দের প্রাথমিক ঢেউয়ে ভাসতে ভাসতে ভাবতে থাকেন কেউ হয়তো আসন্ন ক্রিসমাস উপলক্ষে তাঁকে উপহার পাঠিয়েছে। তিনি বরং এই বিপুল অর্থ কীভাবে ব্যয় করবেন, তা খুঁজে বের করতেই মনোনিবেশ করেন। কিন্তু এমন বিস্ময় কাটতে সময় লাগে না। ধাতস্থ হয়েই ভাবতে শুরু করেন এত ডলার তাঁর নামে জমা হলো কী করে। যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে।
রুথ বেলন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ব্যাংকের ভুলের কারণেই এমনটা ঘটেছে। ওই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। ভুলে তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের ভুল শিকার করে সঙ্গে সঙ্গে সব অর্থ সঠিক অ্যাকাউন্টে স্থানান্তর করে নেয়। আর রুথ বেলন ক্ষণিকের মিলিয়নিয়ার থেকে আবার পরিণত হন সাধারণ একজনে।
রুথ বলেন, ‘আশা ছিল সততার জন্য পুরস্কৃত করা হবে। কিন্তু তা করা হয়নি। বড়দিনে উপঢৌকন পাওয়া স্বাভাবিক! কিন্তু এত বড় উপঢৌকন কোনোমতেই স্বাভাবিক ঘটনা ছিল না।’