
নিজের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠকে নিয়মিত স্থান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুযোগ পাচ্ছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস। এ জন্য এনএসসির বৈঠকে শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতির বিষয় বাতিল করেছেন ট্রাম্প।
বিতর্কিত ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ ব্যানন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত। মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা কর্মকাণ্ড তাঁকে সমালোচিত করেছে।
সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানেরা এখন শুধু নিজেদের দায়িত্ব সংশ্লিষ্ট বিষয় আলোচ্যসূচিতে থাকলে এনএসসি বৈঠকে হাজির থাকবেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার শাসনামলে এ পরিষদের বৈঠকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নিয়মিত উপস্থিত থাকতেন।
সম্প্রতি গণমাধ্যমকে ‘বিরোধী দল’ আখ্যা দিয়ে তাদের মুখ বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেন ব্যানন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নির্বাচনে ট্রাম্পের জয় সম্পর্কে গণমাধ্যম আগাম ধারণা করতে ব্যর্থ হয়ে বিব্রত। তবে কিছুই করার নেই। গণমাধ্যমকে ‘বিব্রত’ এবং ‘অপমানিত’ বোধ করতে হবে। তাদের নিজেদের মুখ বন্ধ রেখে শুধু শুনে যেতে হবে।’
ঘনিষ্ঠ দুজনকে এনএসসিতে যুক্ত করার পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলকেও নতুন করে সাজানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আরেকটি উল্লেখযোগ্য নির্দেশ হলো, সরকারি কর্মকর্তারা কখনোই কোনো বিদেশি সরকারের হয়ে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করতে পারবে না। অন্য তদবির নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বছরের জন্য। এ ছাড়া আইএসকে পরাস্ত করতে ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
এনএসসি মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক বিষয়ে পরামর্শ দেওয়ার প্রধান ফোরাম। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনা কর্মকর্তা মাইক ফ্লিন এর দায়িত্বে রয়েছেন। শুরু থেকেই তিনি ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক।
মনে করা হচ্ছে, এনএসসিতে ব্যানন ও প্রিবাসের এই উপস্থিতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাব্যবস্থাকে প্রভাবিত করবে। বিশেষ করে ব্যাননের ডানপন্থী মনোভাব এবং বিদ্বেষপ্রসূত অবস্থান জাতীয় নিরাপত্তা কৌশলে প্রভাব রাখতে পারে। নির্বাচনের আগে নিজের ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের মাধ্যমে তিনি বর্ণবাদী আচরণ উসকে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
নির্বাহী এক আদেশে এনএসসি পুনর্গঠনের ঘোষণা দেন ট্রাম্প। তিনি কৌশলবিদদের আইএসকে পরাস্ত করার কৌশল নির্ণয়েরও অনুরোধ করেন।