ব্যাননের মতো তার নীতিও কি হোয়াইট হাউস ছাড়বে?

ওয়েস্ট উইংয়ে স্টিফেন কে ব্যাননের দপ্তরে চীন, স্টিল ও মোটরযান বাণিজ্য-বিষয়ক ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি তালিকা রয়েছে। এ পুরো পরিকল্পনাটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার কথা। এখন ট্রাম্পের প্রধান কৌশলী স্টিভ ব্যানন নেই হোয়াইট হাউসে। ফলে স্বাভাবিকভাবেই তাঁর পরিকল্পনাগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
শুধু বাণিজ্য নয়, চীন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, আফগানিস্তান যুদ্ধ এ সব বিষয়েই ব্যাননের নিজস্ব জোরালো মত ছিল। আমেরিকায় সাম্প্রতিক উগ্র জাতীয়তাবাদী ধারার এ প্রবক্তার প্রস্থানের মধ্য দিয়ে প্রশাসনে তাঁর দর্শনের অস্তিত্ব কতটা টিকবে তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলে। বিশেষত তাঁর বিভিন্ন বিতর্কিত পরিকল্পনা সংকটের সম্মুখীন হতে পারে বলে সংশয় প্রকাশ করা হয়েছে নিউইয়র্ক টাইমসের এ বিষয়ক এক প্রতিবেদনে।
ট্রাম্প প্রশাসনের জাতীয়তাবাদী অংশটির জন্য ব্যাননের কার্যালয়টি বিভিন্ন দিক নির্দেশনার কেন্দ্রস্থল। সেখানে তাঁর সঙ্গে সমমতের সহকর্মীরা নিয়মিত সাক্ষাৎ করতেন, যার অধিকাংশই ছিলেন তুলনামূলক কম বয়সী। তাঁর কার্যালয়টি ছিল বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের কেন্দ্রস্থল, যার একটি বড় অংশজুড়েই থাকত বিরোধীপক্ষের বিরুদ্ধে ছক কষা। তাঁর বিরোধীপক্ষের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক গ্যারি ডি কোহন পর্যন্ত অনেকেই ছিলেন। এসব ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বে জাতীয়তাবাদীদের প্রধান আশ্রয় ছিলেন ব্যানন।
ব্যাননের প্রস্থানের কারণে এরই মধ্যে তাঁর অনেক অনুসারী অনেকটা একঘরে হয়ে পড়েছেন। এর মধ্যে কয়েকজনকে এমনকি ব্যাননের ভাগ্য বরণ করতে হতে পারে বলে হোয়াইট হাউস সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে ব্যাননের সঙ্গে সঙ্গে তাঁর মতবাদ হোয়াইট হাউস থেকে চলে যাওয়াটা এত সহজ হবে না বলে মনে করছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির তথ্যমতে, ১৮ আগস্ট মার্কিন কোম্পানি থেকে চীনের প্রযুক্তি চুরির অভিযোগ তদন্তের কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। এর একদিন আগেই ট্রাম্প তার বাণিজ্য প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি দেখভালের দায়িত্ব দেন। একই সঙ্গে জানান যে, ব্যাননকে ছাড়াই বাণিজ্য বিষয়ে চীনের সঙ্গে তাঁর প্রশাসন আগের মতোই কঠোর পন্থা অবলম্বন করবে।
অভিবাসন বিষয়ে ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন স্টিফেন মিলার, যিনি মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মূল মন্ত্রণাদাতা। গত দেড় বছর ধরে ট্রাম্পের মেয়ে জামাই জ্যারেড কুশনারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মিলার হোয়াইট হাউসে তার অবস্থান বেশ পাকাপোক্ত করেছেন। একই সঙ্গে কুশনারের বিরোধী অংশ ব্যাননের সঙ্গেও ছিল তাঁর ভালো সম্পর্ক। সত্যিকার অর্থে মিলারকে ব্যাননের লোক হিসেবেই মনে করা হয়। ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ক্রিস রুডি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘অনেকগুলো বিষয়েই ট্রাম্প ও ব্যাননের দৃষ্টিভঙ্গি এক। পার্থক্য হচ্ছে ট্রাম্প ব্যাননের চেয়ে অনেক বেশি বাস্তবানুগ ও প্রয়োগবাদী মানসিকতার।’
মূলত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জন এফ কেলির নিয়োগের মধ্য দিয়েই ব্যাননের ক্ষমতা খণ্ডিত হয়ে আসে। তিনি হোয়াইট হাউসে থাকলেও আগের মতো তাঁর বিস্ফোরক ভূমিকা আর থাকত না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ কেলি দায়িত্ব নিয়েই হোয়াইট হাউসের শৃঙ্খলা বিশেষত ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন কেলি। ফলে এত দিন ধরে চলে আসা পূর্বানুমতি ব্যতীত ওভাল অফিসে উপদেষ্টাদের প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ হয়। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মন্তব্য করার বিষয়েও নিজের অপছন্দের কথা খোলাখুলি জানিয়ে দেন কেলি। এটি ছিল অনেকটা ব্যাননকে উদ্দেশ্য করেই। উত্তর কোরিয়া ইস্যুতে ব্যানন বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। আর পরবর্তীতে তারই প্রতিধ্বনি শোনা গিয়েছিল ট্রাম্পের কণ্ঠে।
একইভাবে আফগানিস্তান যুদ্ধ নিয়ে ব্যাননের দৃষ্টিভঙ্গি সামরিক বাহিনী ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেও ট্রাম্পের কাছে তা প্রশংসিত হয়েছিল। এ ক্ষেত্রে ব্যানন আফগানিস্তান থেকে নিয়মিত সেনা প্রত্যাহার করে ভাড়াটে সৈনিক পাঠানোর প্রস্তাব করেছিলেন। এমন অনেক বিষয়েই ব্যাননের মতবাদ ছিল চোখে পড়ার মতো। বিশেষত প্রশাসনের আধিপত্যবাদী সামরিক হস্তক্ষেপের সমর্থকেরা তাঁর মতের বিরোধী ছিলেন। ব্যানন সিরিয়া ও আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার বিরোধিতা করেছিলেন। অন্য দেশে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন অর্থ ব্যয়ের ঘোর বিরোধী ছিলেন ব্যানন। এ বিষয়ে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন ম্যাকমাস্টার।
ব্যাননের এ অবস্থানের প্রতিফলন দেখা গেছে তাঁর প্রস্থানের পরও। এর প্রমাণ পাওয়া যায় শুক্রবার আফগানিস্তান বিষয়ে ক্যাম্প ডেভিডে গৃহীত সিদ্ধান্তের মধ্যে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর ওই দিন আফগানিস্তানে প্রায় চার হাজার মার্কিন সেনা রাখার পাশাপাশি দেশটির সরকারের কাছ থেকে বাড়তি সহায়তা চাওয়ার বিষয়ে সম্মত হন।
ব্যাননের প্রস্থান নিশ্চিতভাবেই কোহন ও স্টিভেন মানচিনের জন্য একটি বিজয়। তাঁদের সঙ্গে ব্যাননের দ্বন্দ্বের মূল ক্ষেত্রটি ছিল বাণিজ্যনীতি। এ ছাড়া তাঁরা ইভানকা ট্রাম্পের মতোই প্যারিস জলবায়ু চুক্তির পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ওই লড়াইয়ে যে ব্যানন জিতেছিলেন তা তো এখন প্রমাণিত। ব্যানন চলে গেলেও কোহন এখনো সুরক্ষিত নন। হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, কোহন বর্তমানে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে জ্যানেট এল ইয়েলেনের স্থলাভিষিক্ত হতে চাইছেন।
ব্যানন চলে যাওয়ায় আফগানিস্তান ইস্যুতে ম্যাকমাস্টার কিছুটা সুবিধাজনক অবস্থানে গেলেও, এখন তাঁকে সরাসরি ট্রাম্পকেই মোকাবিলা করতে হবে। আর হোয়াইট হাউস ছেড়ে ব্যানন আবার নিজের প্রতিষ্ঠিত ব্রেইটবার্ট নিউজে ফিরে গেছেন। ফলে ‘ম্যাকমাস্টার ইসরায়েলবিরোধী’ এমন নেতিবাচক প্রচারণায় ম্যাকমাস্টারকে হরহামেশাই পড়তে হতে পারে।
এ ছাড়া হোয়াইট হাউসের বাইরেই তাঁর কার্যকারিতা বেশি থাকবে বলে ব্যানন এরই মধ্যে মত ব্যক্ত করেছেন। তিনি এ জন্য ব্রেইটবার্টকে ব্যবহার করতে চান। আর এ ক্ষেত্রে প্রশাসনের বাইরের ব্যক্তির কাছ থেকে ট্রাম্পের পরামর্শ গ্রহণের স্বভাব নিশ্চিতভাবেই ব্যাননের সহায় হবে। কারণ দীর্ঘ যাত্রায় এমনিতেই ব্যানন-ট্রাম্প রসায়ন রয়েছে অন্য মাত্রায়। তবে তাঁর সমালোচকেরা তাঁকে এতটা গুরুত্ব দিতে রাজি নন। তাঁদের মতে, ব্যাননের প্রভাবকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। যতটা বলা হচ্ছে ততটা প্রভাব তার প্রেসিডেন্টের ওপর নেই। হোয়াইট হাউসের বাইরে থেকে তিনি তার প্রভাব কিছু সময়ের জন্য অক্ষুণ্ন রাখতে পারবেন। কিন্তু সময়ের সঙ্গে তা কমে আসবে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান কৌশলী ডেভিড অ্যাক্সেলর্ড নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমার মনে হয় না যে, হোয়াইট হাউসের বাইরে থেকে ব্যানন খুব বেশি প্রভাব রাখতে পারবেন। অবশ্য বিষয়টি মূলত ট্রাম্পের ওপরই নির্ভর করে। ব্যানন ও ব্রেইটবার্টকে তিনি যদি সুযোগ না দেন, তাহলে তাঁর ওপর প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই।’