ব্যান্ডসের উদ্যোগে ব্রঙ্কসে পথমেলা ২৭ আগস্ট
বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি—ব্যান্ডসের পথমেলা আগামী ২৭ আগস্ট ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে সংগঠনের ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের প্রথম যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. সোলায়মান আলী সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীম মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুস শহীদ, সদস্য নাসির উদ্দিন, প্রদীপ মালাকার, সহসভাপতি কফিল চৌধুরী, তপন সেন, সহসাধারণ সম্পাদক শেখ জামাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী আকন্দ, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, প্রচার সম্পাদক মো. হাসান জিলানী, দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান, কার্যকরী সদস্য শাহেদ আহমেদ, আবদুল বাছির খান প্রমুখ।
ব্যান্ডসের নেতারা প্রথম আলোকে বলেন, ২৭ আগস্ট দিনব্যাপী মেলায় তহবিল সংগ্রহ এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এ উপলক্ষে প্রকাশিত হবে একটি বিশেষ সাময়িকী। সাহিত্য ও প্রচার সম্পাদক মো. হাসান জিলানীকে সাময়িকী প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।
নেতারা বলেন, মেলা সফল করতে পাঁচ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আল-মামুন, কফিল চৌধুরী, সদস্যসচিব শেখ জামাল হুসেইন ও যুগ্ম সদস্যসচিব মহব্বত আলী আকন্দ।