ব্যারিস্টার সায়েদুল হকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ব্যানারে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ভাস্কর্যের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রবাসীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে যে অভিযোগ করেছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট, যা রাষ্ট্রদ্রোহের শামিল। তাঁরা বলেন, প্রিয়া সাহার ওই বক্তব্যে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন হয়েছে’। ট্রাম্পের কাছে বাংলাদেশবিরোধী অভিযোগ করা প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। একই সভায় বক্তারা ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদ জানান। ওই মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে প্রবাস থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক জামাল হুসেন, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, কর্মকর্তা তোফায়েল চৌধুরী, হাসান আলী, সারওয়ার চৌধুরী, এ ইসলাম মামুন, মো. ফয়ছল আহমদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোতাসিন বিল্লাহ তুষার, মামুন রহমান, ফয়সাল আহমদ প্রমুখ। এ সময় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ জুলাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করেন, ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু উধাও হয়ে গিয়েছে। এমনকি তার নিজের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার ভিটে-মাটিও দখলে নিয়েছে।’ এই বক্তব্যের পর হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়।