ব্রঙ্কস কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে ডিজিটাল ট্রাভেলসের মতবিনিময়

ব্রঙ্কস কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে নিউইয়র্কের ট্রাভেল এজেন্সি ডিজিটাল ট্রাভেলসের স্বত্বাধিকারী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৯ জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতিতে ট্রাভেল ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নজরুল ইসলাম।
টিকিট কিনে রিফান্ডের সময় অনেক গ্রাহক বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে হয়রানির শিকার হচ্ছেন-এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম জানান, ‘অন্যদের কর্মের দায়িত্ব আমি নিতে পারি না। তবে বিনীতভাবে বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে সুনামের সঙ্গে ব্যবসা করছি। রিফান্ডের ব্যাপারে আমি শতভাগ স্বচ্ছ। আমার অসংখ্য গ্রাহক এর বড় প্রমাণ।’ তিনি ভবিষ্যতে স্বদেশ, বিদেশ বা ওমরা পালনের সময় তাঁর প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান ।
সাংবাদিক এবং বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান বলেন, প্রবাসীরা তাঁদের কষ্টার্জিত অর্থে স্বদেশ গমন, ওমরা বা অন্যান্য জরুরি প্রয়োজনে টিকিট কেটে রিফান্ডের সময় হয়রানির শিকার হন। যা সত্যিই খুব দুঃখজনক। গ্রাহকের হয়রানি না করে শতভাগ সততার সঙ্গে সেবা দেওয়ার জন্য নিউইয়র্কের ট্রাভেল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।