ব্রঙ্কসে আহাদ অ্যান্ড কোম্পানির ইফতার ও ডিনার

সিপিএ আহাদ আলীর মালিকানাধীন ব্রঙ্কসের আহাদ অ্যান্ড কোম্পানির আয়োজনে ইফতার মাহফিল ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে ১২ মে এ ইফতার ও ডিনারের আয়োজন করা হয়।
বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্যসহ দেশ, প্রবাস ও বিশ্বমানবতার শান্তি কামনা করা হয়।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আহাদ অ্যান্ড কোম্পানির প্রেসিডেন্ট আহাদ আলী, সিপিএ। আহাদ আলী বলেন, নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে নির্ভুল ট্যাক্স সেবা প্রদানই তাঁর লক্ষ্য। আহাদ অ্যান্ড কোম্পানি তাদের শুভাকাঙ্ক্ষী-গ্রাহকদের সম্মানে এ ইফতার ডিনারের আয়োজন করেছে। এটি কোম্পানির প্রথম ইফতার-ডিনার। এ ধরনের আয়োজন করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার প্রমুখ। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে কোম্পানির পক্ষ থেকে অতিথিদের ইফতারসহ আপ্যায়ন করানো হয়।