ব্রঙ্কসে ঈদ আনন্দ মেলার আয়োজন করছে ব্যান্ডস
বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ (ব্যান্ডস) নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে ঈদ আনন্দ মেলার আয়োজন করছে। ২৭ আগস্ট পার্কচেষ্টার, স্টার্লিং অ্যাভিনিউর প্যারডি স্ট্রিটে এই মেলা অনুষ্ঠিত হবে। ব্যান্ডসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী অনুষ্ঠেয় এ মেলায় দেশি-বিদেশি খাবার, ফ্যাশন, স্টেশনারিসহ হরেক রকমের স্টল থাকবে।
মেলাকে আনন্দঘন ও আকর্ষণীয় করার জন্য মেলা চলাকালীন সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হবে। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, স্থানীয় শিল্প বীণা মজুমদার, তানভীর শাহীন, শিমুল খান, কৃষ্ণা তিথী, সবিতা দাস, প্রমি, তাজ, রানু নেওয়াজ, ডা. শাহনাজ আলম, কাজী জামান বিটু, সায়মা জামান, জাকারিয়াসহ অন্যরা সংগীত পরিবেশন করবেন।
মেলার আয়োজনকে সফল করে তোলার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন মো. রফিকুল ইসলাম, সদস্যসচিব শেখ জামাল হোসাইন ও প্রধান সমন্বয়কারী শেখ আল মামুন।
ব্যান্ডসের ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া বলেন, মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে আমেরিকার মূলধারা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ব্যান্ডস দীর্ঘদিন ধরে এ ধরনের মেলার আয়োজন করে আসছে। ঈদের আমেজে এবারের মেলা হবে ব্যতিক্রমধর্মী।
সংগঠনের শীর্ষ এই দুই কমর্কতা আরও বলেন, ‘আমরা অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেলার কর্মসূচি সাজিয়েছি। তাদের বিশ্বাস, আগত দর্শকেরা নিজের পছন্দমতো বাজার করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন। তারা কার্যকরী কমিটির পক্ষ থেকে ঈদ আনন্দ মেলায় কমিউনিটির সবাইকে উপস্থিতি থেকে সংগীতানুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়েছেন।