ব্রঙ্কসে ঐক্যবদ্ধভাবে মাতৃভাষা উদ্যাপনের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সবাইকে কীভাবে এক কাতারে আনা যায়, তা নিয়ে ব্রঙ্কসে প্রস্তুতি সভা হয়েছে। স্থানীয় কমিউনিটি কর্মী, আইনজীবী আর সহযোগীরা মিলে ব্রঙ্কসের আল আকসা মসজিদে সম্প্রতি ওই সভার আয়োজন করে।
ব্রঙ্কসে সম্মিলিতভাবে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত বাস্তবায়নে একটি উদ্‌যাপন পরিষদ গঠন করা হচ্ছে। এমনই তথ্য জানিয়েছেন মাতৃভাষা উদ্‌যাপন অনুষ্ঠানের অন্যতম সংগঠন ব্রঙ্কসের আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। তিনি বলেছেন, ওই বৈঠকে ১০টির মতো সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফফার চৌধুরী খসরু, সিপিএ জাকির চৌধুরী, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক শামীম মিয়া, সহসভাপতি কফিল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামাল হোসাইন, ওমেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেক্সোনা মজুমদার, সদস্য ফাহমিদা চৌধুরী, পলি শাহিনা, ব্রঙ্কস বাংলাদেশে সোসাইটির সহসাধারণ সম্পাদক শামীম আহমেদ, নিউইয়র্ক জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, বিএসিসির সদস্য বোরহান উদ্দিন প্রমুখ।
সভার উদ্যোক্তা কমিউনিটি নেতা এন মজুমদার বলেন, ‘প্রবাসী বাংলাদেশি ও এ দেশে বেড়ে ওঠা বাংলাদেশিদের সন্তানদের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষার প্রতি এই আত্মত্যাগের প্রতি জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেসকো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মকে যদি না জানাতে পারি তাহলে এর জন্য আমাদের অনেক মাশুল গুনতে হবে। বিরল এই গৌরবগাথা তাঁদের অজানা থেকে যাবে। তাই আমরা একটা সুন্দর অনুষ্ঠান করে সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চেষ্টা করছি যে, আমরা এক মহান জাতি। বাংলা আমাদের ভাষা। বাংলাদেশ আমার পরিচয়।’