ব্রঙ্কসে খলিল বিরিয়ানির দ্বিতীয় শাখার উদ্বোধন

নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ম্যাকগ্র অ্যাভিনিউয়ে ১ ফেব্রুয়ারি খলিল বিরিয়ানি হাউসের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। খাবারের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইনস্টিটিউট অব কালিনারি এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মো. খলিলুর রহমানের মালিকানাধীন খলিল বিরিয়ানি হাউসের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয় এদিন বিকেলে। মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাতসহ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয় নতুন এই শাখার।
নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মোনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মো. মাঈনুল ইসলাম। এতে স্বাগত বক্তৃতা করেন খলিল বিরিয়ানি হাউসের মালিক রন্ধনশিল্পী মো. খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিন।
খলিল বিরিয়ানি হাউসের মালিক মো. খলিলুর রহমান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার শুভেচ্ছা বক্তৃতা করেন।
খলিল বিরিয়ানি হাউসের মালিক মো. খলিলুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ব্রঙ্কসের পার্কচেস্টারের প্রাণকেন্দ্রে খলিল বিরিয়ানি হাউসের আরেকটি শাখা উদ্বোধন নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টে প্রবাসী বাঙালিদের ভিড় দেখা যায়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানের বিশেষ খাবার দিয়ে প্রায় ৬০০ অতিথিকে আপ্যায়ন করা হয়।
সময় স্বল্পতা এবং নানা ব্যস্ততার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে অনেককেই আমন্ত্রণ জানাতে পারেননি বলে খলিলুর রহমান দুঃখ প্রকাশ করেন। তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। ইনস্টিটিউট অব কালিনারি এডুকেশন থেকে খাদ্য বিষয়ে আধুনিক শিক্ষায় অভিজ্ঞ শেফের রেস্টুরেন্টের ব্রঙ্কসে নতুন শাখা হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, নতুন প্রজন্মের প্রতি লক্ষ্য রেখে আধুনিক রুচিসম্মত বিশুদ্ধ সব হালাল খাবারের নিশ্চয়তা থাকবে এখানে।
এর আগে গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড অ্যাভিনিউয় যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স করা রন্ধনশিল্পী খলিলুর রহমানের মালিকানাধীন রেস্টুরেন্ট খলিল বিরিয়ানি হাউস। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারসহ ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারের সমন্বয়ে যাত্রা শুরু করে খলিল বিরিয়ানি হাউস।
খলিল বলেন, ভোক্তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ও প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে খলিল বিরিয়ানি হাউস প্রতিষ্ঠার ছয় মাসের মধ্যেই দ্বিতীয় শাখা খোলার হয়েছে। প্রতিষ্ঠার কয়েক দিনের মধ্যেই তিনি দেখতে পান, স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেস্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। তাই নতুন প্রজন্মসহ পরিবার নিয়ে আসা ভোক্তাদের আরও বড় পরিসরে নিরিবিলি পরিবেশে বসে খাবার-দাওয়ার চিন্তা থেকে নতুন শাখা খোলা হয়েছে।
খলিল বলেন, ‘ভোক্তাই প্রথম’—এই প্রত্যয়ে সব শ্রেণির গ্রাহকের কথা বিবেচনা করে কমিউনিটির সেবায় দ্বিতীয় শাখা সাজানো হয়েছে। অভিজাত-ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এ রেস্টুরেন্টে এক সঙ্গে ৬০ জন বসে খেতে পারবেন কিংবা যেকোনো পার্টিও করতে পারবেন।
খলিলুর রহমান বলেন, নিজের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে সুলভ মূল্যে বিশুদ্ধ হালাল খাবারের সেবা দেওয়াই তার লক্ষ্য। প্রতিষ্ঠানটির নাম খলিল বিরিয়ানি হাউস হলেও দুটি শাখাতেই বিরিয়ানির পাশাপাশি বাংলাদেশি ঐতিহ্যবাহী অন্য সব খাবারও থাকছে। রয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারেরও সুব্যবস্থা। সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার এবং মিলাদ-মাহফিল, বিয়ে, জন্মদিন, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও ক্যাটারিংয়ে থাকছে আলাদা বৈচিত্র্য।
খলিল বলেন, নতুন রেস্টুরেন্ট সোমবার-বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত, শক্রবার-শনিবার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রোববার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। আর পুরোনো শাখা গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে। পুরোনো রেস্টুরেন্টে রাত ১০টার পর খাবারে থাকবে বিশেষ ছাড়।