ব্রঙ্কসে পুলিশ পেট্রল চিফের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিটি পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা
কমিউনিটি পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পুলিশ কমিউনিটি পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভায় কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পেট্রল চিফ ফাস্টো বি পিসারডো।
১২ মার্চ সন্ধ্যা সাতটায় ব্রঙ্কসের একটি সেন্টার হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা থেকে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পেট্রল সার্ভিস ব্যুরো চিফ ফাস্টো বি পিসারডো বর্ণবৈষম্য হামলা, ছিনতাই, যেকোনো অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। কোনো ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গেই ৯১১ এ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানানোরও পরামর্শ দেন।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেঙ্কটের কমিউনিটি পার্টনার, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, কমিউনিটি পার্টনার, কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসারসহ পুলিশ পেট্রল বরোর কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় কমিউনিটি পার্টনাররা নিজ নিজ এলাকার বিভিন্ন ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশি টহল বাড়ানো, পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা, ভিজিল্যান্স টিম গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়ার কথা বলেন। সভায় বর্ণবৈষম্য হামলাসহ ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় কমিউনিটি পার্টনার গিয়াস উদ্দিন বলেন, ব্রঙ্কসে বাঙালিদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশি কমিউনিটির সেবা-নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে পুলিশ ডিপার্টমেন্ট। তিনি এ সময় ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এক বাংলাদেশির মোবাইল ছিনতাইয়ের ঘটনাসহ আরও বেশ কয়েকটি ঘটনার বিবরণ তুলে ধরে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা বিধানে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, মোবাইল ছিনতাইয়ের ওই ঘটনাটি পুলিশকে জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। এ জন্য তিনি পেট্রল চিফের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পেট্রল চিফ ফাস্টো বি পিসারডো সিটি তথা কমিউনিটির কল্যাণে পুলিশ ডিপার্টমেন্টের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে বলেন, পুলিশ ডিপার্টমেন্ট ব্রঙ্কসে জননিরাপত্তা বিধানেও বিশেষ তৎপর রয়েছে। দায়িত্ব পালনে পুলিশের কোনো প্রকার শৈথিল্যের সুযোগ নেই।
পুলিশের দায়িত্ব পালন বিষয়ে তিনি বলেন, প্রত্যেক পুলিশের বডি ক্যামেরায় সবকিছু মনিটরিংয়ের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। জননিরাপত্তা বিধানে পুলিশের কোনো প্রকার শৈথিল্য প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, যেকোনো ক্রাইম ঘটার সঙ্গে সঙ্গে ৯১১ কল করে পুলিশকে সুনির্দিষ্ট ঠিকানাসহ প্রকৃত ঘটনা জানালেই পুলিশ তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে। তিনি জনসাধারণের নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ভয়ে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার জন্য কমিউনিটি পার্টনার ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিউনিটি পার্টনারদের ধন্যবাদ জানিয়ে জননিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা ও হেট ক্রাইম রোধকল্পে পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় সভা থেকে।