ব্রঙ্কসে বন্ধ হয়ে যাচ্ছে ৪০০ বাস স্টপেজ

নিউইয়র্ক নগরের অন্যান্য বরোর তুলনায় ব্রঙ্কসে বাস স্টপেজের সংখ্যা অনেক বেশি। ফলে এই বরোতে বাসে যোগাযোগ বেশ সুবিধাজনক। নিউইয়র্কের মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) তথ্য অনুসারে, ব্রঙ্কসে বাস স্টপেজগুলো বর্তমানে গড়ে ৮২২ ফুট দূরে দূরে রয়েছে। এককথায় এই বরোর প্রতি তিন ব্লকের মধ্যে একটি বাস স্টপেজ রয়েছে।
এবার জানা যাক, বিশ্বজুড়ে ট্রানজিট সিস্টেমে বাস স্টপেজগুলোর দূরত্ব কত। এমটিএ–ই সেই তথ্য দিচ্ছে। এতে বলা হচ্ছে, বিশ্বজুড়ে ট্রানজিট সিস্টেমের বাস স্টপেজগুলোর দূরত্ব এক হাজার থেকে শুরু করে ১ হাজার ৬৬০ ফুট পর্যন্ত।
এমটিএ বলছে, ব্রঙ্কসে অনেক বাসস্টপেজ রয়েছে যার একটি অন্যটির খুব কাছাকাছি। এ কারণে মানুষের গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হচ্ছে। পিক আওয়ারের সময় একটি স্টপেজ থেকে বাসকে পুনরায় ট্রাফিকে প্রবেশ করতে ২০ সেকেন্ড থেকে ১ মিনিটেরও বেশি সময় লাগে। এতে সাধারণ জনগণের ভোগান্তি অন্ত নেই।
এমটিএ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহক ও ট্রানজিট অ্যাডভোকেট উভয়–ই ভ্রমণের সময় গতি বাড়ানোর জন্য স্টপেজগুলোর মধ্যে আরও সুষম ব্যবধান তৈরির অনুরোধ করেছে। সে জন্য সম্প্রতি এমটিএ ঘোষণা করেছে, ব্রঙ্কসের ৪০০টি বাস স্টপেজ বন্ধ করে দেওয়া হবে—পাশাপাশি আরও ঘন ঘন বাস সার্ভিস ও অতিরিক্ত বাস লাইন চালু করা হবে।
নিউইয়র্কের ট্রানজিট সভাপতি অ্যান্ডি বাইফোর্ড এক বিবৃতিতে বলেন, ‘ব্রঙ্কসে বাস রুটের আবার নকশা আমাদের বাস চালকদের তাদের যাত্রীদের সবচেয়ে বেশি সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দেবে।’ বাইফোর্ড আরও বলেন, ‘নতুন এই রুট নকশার অধীনে স্টপেজগুলো গড়ে ১ হাজার ৯২ ফুট ব্যবধান রেখে তৈরি করা হবে যার ফলে ৪০০টি বাস স্টপেজ বাতিল হবে।’
ট্রানজিট বিশেষজ্ঞরা বাস স্টপেজ আরও বেশি কমানোর জন্য চাপ দিয়েছেন। তবে ট্রানজিট কর্মকর্তারা বলেন, তারা বরোর বাসিন্দাদের প্রয়োজন ও পরিষেবার সঙ্গে সমন্বয় রেখে নতুন পরিকল্পনা তৈরি করছেন যাতে ভারসাম্য বজায় থাকে।
নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (ডিওটি) কমিশনার পলি ট্রটেনবার্গ এক বিবৃতিতে বলেন, ‘ব্রঙ্কসের বাস নেটওয়ার্কের এই জেনারেল রিডিজাইনে নিউইয়র্ক নগর ট্রানজিট আমাদের অংশীদারদের সঙ্গে যোগ দিতে আগ্রহী। মেট্রো নিউজের তথ্যমতে, এই প্রকল্পের আওতায় নিচের তালিকাভুক্ত স্টেশনগুলো ২০২০ সাল নাগাদ চালু হবে—
পেলহাম পার্কওয়ে, ফোর্ডহ্যাম রোড এবং পশ্চিম ২০৭তম স্ট্রিট, ইস্টচেস্টার রোড থেকে ব্রডওয়ে; পেলহাম বে পার্ক স্টেশন অঞ্চল; ওয়াশিংটন ব্রিজ এবং পশ্চিম ১৮১তম স্ট্রিট, ইউনিভার্সিটি অ্যাভিনিউ থেকে ব্রডওয়ে; পূর্ব ১৪৯তম স্ট্রিট, রিভার অ্যাভিনিউ থেকে সাউদার্ন বুলেভার্ড; এল গ্রান্ট হাইওয়ে, পূর্ব ১৬৭তম রাস্তায় ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে; ইউনিভার্সিটি অ্যাভিনিউ, কিংসব্রিজ রোড থেকে ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে; ট্রেমন্ট অ্যাভিনিউ, বোস্টন রোড থেকে সেডউইক অ্যাভিনিউ; পূর্ব ১৬৭তম এবং পূর্ব ১৬৮তম সড়ক, জেরোম থেকে ফ্র্যাঙ্কলিনের অ্যাভিনিউ; স্টোরি অ্যাভিনিউ, হোয়াইট প্লেইন রোড থেকে ব্রঙ্কস রিভার অ্যাভিনিউ এবং পূর্ব গান হিল রোড, বেনব্রিজ থেকে বার্তো অ্যাভিনিউ।