ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনাভাইরাসে বিপর্যস্তদের মাঝে বিনা মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সিটি কাউন্সিলম্যান কোস্টা কনস্টান্টিনাইডসের সৌজন্যে ১০ জুলাই বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই খাদ্যসামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির মানুষেরা।
খাদ্য বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ এস মিয়া প্রমুখ।
খাদ্য বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, নিউইয়র্কে মধ্য মার্চ থেকেই করোনা মহামারি কবলিতদের মাঝে নানাভাবে সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সোসাইটি। করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দাফনের জন্য সোসাইটির কেনা শতাধিক কবরের জায়গা দেওয়া হয়েছে বিনা মূল্যে। ফিউনারেল খরচও দেওয়া হয়েছে অনেককে। তাঁরা বলেন, কার্যকরী কমিটির পুরো টিম করোনায় বিপর্যস্ত বাংলাদেশিদের জন্য কাজ করে যাচ্ছে। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
এর আগে ১০ জুলাই বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসেও বাংলাদেশ সোসাইটি ইনক বিনা মূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।