ব্রঙ্কসে বাংলাদেশির ওপর ছিনতাইকারীদের হামলা

নিউইয়র্কের ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত (২৬) নামে এক বাংলাদেশি তরুণ ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। ব্রঙ্কসের পার্কচেস্টার গ্লিব অ্যাভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় ১৪ অক্টোবর রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা স্প্যানিশভাষী ছিলেন বলে জানা গেছে।
মুশফিকুর চৌধুরী বলেন, গিভ মি মানি (আমাকে অর্থ দাও) বলে তাঁর ওপর হামলে পড়ে ছিনতাইকারীরা। তারা এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে তাঁকে। এ সময় তাঁর আর্তচিৎকারে অন্যরা এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায়। তবে তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা কিছুই নিতে পারেনি। এ সময় পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে পরদিন ১৫ অক্টোবর সকাল ৯টায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রাহাতের বাড়ি সিলেটের আম্বরখানায়। তিনি পেশায় একজন কিউ এনালিস্ট। নিউজার্সিতে ভেরাইজনে কাজ করেন। তবে তিনি বাবা-মায়ের সঙ্গে পার্কচেস্টারের সেন্ট রেমন্ড ও গ্লোভার স্ট্রিট অ্যাভিনিউ এলাকায় বসবাস করেন। হাসপাতালের চিকিৎসকেরা মুশফিকুর চৌধুরীকে জানিয়েছেন, তাঁর বড় ধরনের কোনো ক্ষত হয়নি।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিনসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনাসহ এর আগে আরও কয়েকটি ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটিতে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মুশফিকুর চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসা থেকে স্টার্লিংয়ে খালার বাসায় যাচ্ছিলেন। পথে গ্লিব অ্যাভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় দুজন স্প্যানিশ বংশোদ্ভূত তরুণ তাকে ’গিভ মি মানি’ বললে তিনি অন্য দিকে ফেরা মাত্রই পেছনে থাকা আরেকজন স্প্যানিশ তরুণ তাঁকে আচমকা কিল ঘুষি মারতে থাকে। এ সময় আরও এক যুবক এসে যোগ দেয়। এলোপাতাড়ি হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে বলাই ও আজিজ নামে দুই বাংলাদেশি এবং অন্য একজন এগিয়ে আসেন। পরে পুলিশ এসে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং তাঁকে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। হামলাকারী তিন স্প্যানিশ তরুণের বয়স আনুমানিক ১৪-১৮ বছর। তিনি আরও জানান, পরদিন ১৬ অক্টোবর বেলা আড়াইটায় পুলিশ তার বাসায় আসে। এ সময় তারা তাঁকে আগামী বৃহস্পতিবার মামলার তারিখ সংবলিত একটি নোটিশ দিয়ে যায়।
ছিনতাইকারীদের হামলার শিকার মুশফিকুর চৌধুরী রাহাতের বাবা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, তিনি পরিবার নিয়ে এ এলাকায় চার বছর ধরে বসবাস করছেন। বড় গাছ ঘেরা এই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত বছর এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে এখানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি।
এই হামলার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুম্মা মসজিদের সামনে এক প্রতিবাদ র্যালির আহ্বান করা হয়েছে। র্যালিতে সর্বস্তরের প্রবাসীদের যোগদানের অনুরোধ জানানো হয়েছে।