ব্রঙ্কসে ৯/১১ হামলায় নিহতদের স্মরণ বাংলাদেশ কমিউনিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইন ইলেভেনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি

নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে নাইন ইলেভেনের ১৯তম বার্ষিকী। এ উপলক্ষে নিউইয়র্ক নগরের গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পেনসিলভানিয়া, পেন্টাগনে বিমান ধসে পড়ার স্থলে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির উদ্যোগেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

১১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় নাইন ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী হামলা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি। ৯/১১ সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে হামলাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়। বিশ্বে যেন এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার পূনরাবৃত্তি না ঘটতে পারে, সে জন্য জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. খলিলুর রহমান ও বিলাল ইসলাম, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক লে. এ কে এম আলম, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আবদুর রহিম, সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, রংধনু সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি এম বি হোসেন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, কার্যকরী সদস্য কামারুজ্জামান, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার, সিপিএ জাকির চৌধুরী প্রমুখ। ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি মার্কিন স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন, বাপা, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক, রংধনু সোসাইটি অব ব্রঙ্কস, হৃদয়ে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। সিংগেরকাচ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় নাইন ইলেভেন হামলায় নিহতদের আত্মার শান্তি কামনাসহ বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে ছয় বাংলাদেশিসহ মোট ২ হাজার ৯৭৮ জনের প্রাণহানি ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নুরুল হক মিয়া এবং তাঁর সঙ্গী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহ উদ্দিন চৌধুরী ও নোয়াখালীর আবুল কে চৌধুরী।