ব্রঙ্কসে 'সরব' নীরব রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসে নীরব রেস্তোরাঁ
ব্রঙ্কসে নীরব রেস্তোরাঁ

ক্রমবর্ধমান বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের নীরব রেস্তোরাঁর নাম সবার জানা। খাবারের গুণগত মান, পরিচ্ছন্ন পরিবেশনা, ক্রেতা চাহিদা মেটানোর কারণে এ রেস্তোরাঁর নাম বাংলাদেশিদের মুখে মুখে।
নীরব রেস্তোরাঁ নিয়ে রীতিমতো মার্কিন মূলধারার গণমাধ্যমগুলো বৃহত্তর পরিসরে সংবাদ প্রকাশিত হচ্ছে।
৫ এপ্রিল প্রভাবশালী ইংরেজি দৈনিক নিউইয়র্ক টাইমস নীরব রেস্তোরাঁ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এতে নীরবের তৈরি বাংলাদেশি ঐতিহ্যবাহী নকশি পিঠাসহ বিভিন্ন খাবারের ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। প্রতিবেদনটিতে নীরবের আগের স্থান থেকে স্থানান্তর, প্রথমে প্যাকসান এবং পরে প্যাকসান-নীরব হিসেবে নামকরণের বিষয়টিও বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদক লিগায়া মিশান ‘বাংলাদেশি বাইটস, লস্ট অ্যান্ড ফাউন্ড’ শিরোনামের এই প্রতিবেদনে লিখেছেন, গত বসন্তে তিনি বাংলাবাজার ওয়ে দিয়ে হাঁটছিলেন। এ সময় দেখলেন, তাঁর প্রিয় নীরব রেস্তোরাঁ উধাও হয়ে গেছে। এর স্থানে এসেছে অন্য এক রেস্তোরাঁ। যাঁরা ৬ ট্রেনে ক্যাসল হিল স্টেশনে নেমে স্টার্লিং অ্যাভিনিউ ধরে হাঁটবেন, তাঁরা হালাল মিট গ্রোসারি, থ্রেডিং সেলুন সবই পাবেন, কেবল নেই মোহাম্মদ রহমান, যাঁকে খোকন নামেই অনেকে চেনেন।

.
.

লিগায়া লিখেছেন, তবে তাঁকে পাওয়া যাবে কয়েক ব্লক দূরে ওয়েস্ট চেস্টার অ্যাভিনিউর ওপরে। এককালে যেখানে ৯৯ সেন্টস স্টোর ছিল, আজ তা প্যাকসান হালাল চিকেন নামে ফাস্ট ফুড রেস্টুরেন্ট। সেখানে ফ্রায়েড চিকেন, বার্গার কিংবা পাকোড়া পাওয়া যায়।
লিগায়া নীরব রেস্তোরাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া এবং নাম প্রসঙ্গ নিয়ে প্যাকসানের বর্ণনা দিয়েছেন। হোল ফিশ, শ্রিম্প, স্পিনিচ, শুঁটকি, বেগুন ইত্যাদির চমৎকার ও মুখরোচক বর্ণনা রয়েছে প্রতিবেদনে। লিগায়া সুস্বাদু সাইড ডিশেরও বর্ণনা করেন। আরও লিখেছেন ম্যাংগো লাসসি, নকশি পিঠা, মিষ্টি, নিমকি, রসগোল্লার কথা। সবশেষে লিগায়া মিশান লিখেছেন, কীভাবে মোহাম্মদ রহমান খোকন জেদের বশবর্তী হয়ে রেস্তোরাঁ ব্যবসায় এসেছিলেন। খোকন তখন একটি রেস্তোরাঁয় ডিশ ওয়াশার হিসেবে কাজ করতেন। একবার তাঁর ভারতীয় বসের কাছে বাংলাদেশের খাবার রান্নার অনুরোধ করলে, তিনি বলেছিলেন, ‘বাংলাদেশকে কেউ চেনে না’। তখন খোকন সিদ্ধান্ত নেন, তিনি মূলধারার ক্রেতাদের জন্য বাংলাদেশি রেস্তোরাঁ খুলবেন এবং বাংলাদেশকে চেনাবেন।
লিগায়া মিশান নীরবকে হারিয়ে ফেলেছিলেন গত বছর স্প্রিংয়ে। এ বছর খুঁজে পেয়েছেন। বাংলাদেশের স্বাদ হারিয়ে খুঁজে পাওয়ার গল্প লিখেছেন তিনি। প্রতিবেদনে শুঁটকি মাছ, নকশি পিঠা আর প্যাকসানের স্টোর ফ্রন্টের ছবি ব্যবহৃত হয়েছে।
দীর্ঘদিন পর নিউইয়র্ক টাইমস-এ নীরবের খাবার নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে বখতিয়ার রহমান খোকন প্রথম আলোকে বলেন, নিউইয়র্ক টাইমসসহ মূলধারার সংবাদপত্রে নীরবের খাবার নিয়ে বহুবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক টাইমস একটা রিপোর্ট প্রকাশের আগে দীর্ঘদিন এ ব্যাপারে খোঁজখবর নেয়। তারা নিজেরাও সেসব খাবারের স্বাদ গ্রহণ করে। এ কৃতিত্ব আমার একার নয়, প্রতিষ্ঠানে যাঁরা কাজ করেন, বিশেষ করে শেফ নজরুলসহ অন্য সবার আন্তরিক কর্মকাণ্ডের ফসল নীরবের আজকের এই অবস্থান। আর এই গৌরব শুধু আমার একার নয়, এটা সব প্রবাসী বাংলাদেশি তথা বাংলাদেশের গৌরব।

নীরব রেস্তোরাঁর স্বত্বাধিকারী বখতিয়ার রহমান খোকন
নীরব রেস্তোরাঁর স্বত্বাধিকারী বখতিয়ার রহমান খোকন

খোকন বলেন, ‘প্রতিদিন মূলধারার অনেক লোকজন নীরবের খাবার খেতে আসেন। আমি তাঁদের কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোই পরিবেশন করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি তাঁদের কাছে। আজকে এ পর্যন্ত আসার পেছনে আমার পরিবারে সদস্যদের
অবদানও অনস্বীকার্য।’
উল্লেখ্য, ২০১১ সালেও নিউইয়র্ক টাইমস একটি জরিপ চালিয়ে সিটির ১০টি সেরা রেস্তোরাঁর তালিকা প্রকাশ করে, যেখানে ২৫ ডলার বা এর কম খরচে দুপুর ও রাতের খাবার খাওয়া যায়। আর এই তালিকায় উঠে আসে বখতিয়ার রহমান খোকনের পরিচালনায় নীরব রেস্তোরাঁর নাম।