ব্রঙ্কসের মিডল স্কুল শিক্ষার্থীর পিঠে শিক্ষকের পা

নিউইয়র্ক নগরের ব্রঙ্কসের মিডল স্কুল ১১৮-এর সপ্তম গ্রেডের কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা মাটিতে শুয়ে আছে। আর তাদের পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন তাদেরই শিক্ষক প্যাট্রিসিয়া কামিংস। এই ঘটনা গত শতকের শুরুর দিকের কোনো ঘটনা নয়। মাত্র দুই সপ্তাহ আগেই দাস ব্যবস্থা সম্পর্কিত পাঠদানের নামে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে স্কুলটির শিক্ষার্থীদের। এ ঘটনায় ভয়াবহ ক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
মিডল স্কুল ১১৮–এ সমাজ শিক্ষা বিষয়ে পাঠ দেন প্যাট্রিসিয়া কামিংস। কিছুদিন আগে সপ্তম গ্রেডে আমেরিকার দাস ব্যবস্থা সম্পর্কিত পাঠদানের অংশ হিসেবে তিনি শ্রেণিকক্ষের কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের মাটিতে শুয়ে পড়তে বলেন। শিশুরা তাঁর নির্দেশ অনুযায়ী মাটিতে শুয়ে পড়লে প্যাট্রিসিয়া তাদের পিঠে সওয়ার হন। তাঁর দাবি, শিক্ষার্থীদের দাসব্যবস্থার প্রকৃত স্বরূপ চেনাতেই তিনি এমনটি করেছেন।
শ্বেতাঙ্গ এই শিক্ষক সেদিন শিক্ষার্থীদের আফ্রিকা থেকে অপহরণ করে কীভাবে মানুষদের দাস হিসেবে আমেরিকায় নিয়ে আসা হতো এবং তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হতো, সে সম্পর্কে পাঠ দিচ্ছিলেন। কিন্তু তিনি এ জন্য যে পন্থা অবলম্বন করেছেন, তা আসলেই ভয়ানক মাত্রার বর্ণবাদী। স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষক প্যাট্রিসিয়াকেই বর্ণবাদ সম্পর্কে পাঠ দেওয়া প্রয়োজন।
মিডল স্কুল ১১৮-এর মোট শিক্ষার্থীর ৮১ শতাংশই কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক। প্রতিষ্ঠানটির মাত্র ৩ শতাংশ শিক্ষার্থী শ্বেতাঙ্গ। কিন্তু এমন একটি স্কুলে এতটা দায়িত্বজ্ঞানহীন শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। নিজে শ্বেতাঙ্গ হয়ে কোমলমতি কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণকে তাঁর বর্ণবাদী মনেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে প্যাট্রিসিয়ার এক শিক্ষার্থী নিউইয়র্ক ডেইলিকে বলেন, এটি ছিল দাস ব্যবস্থা এবং এর ব্যবসা সম্পর্কিত একটি ক্লাস। তিনি তিনজন কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে সামনে ডেকে নিয়ে তাদের মেঝেতে শুয়ে পড়তে বলেন। তিনি বলেন, ‘তোমরা বুঝতে পারছ, দাস হওয়াটা কেমন? এটা কেমন লাগে? এ সময় মেঝেতে শুয়ে থাকা এক ছাত্রী যখন কিছুটা কৌতুক করে বলে যে, “এটা তো ভালোই।” তখন তিনি ওই ছাত্রীর পিঠে এক পা তুলে দিয়ে বলেন, “এখন কেমন লাগছে? বুঝতে পারছ দাস হতে কেমন লাগে?’”
এ ঘটনা চাউর হওয়ার পর প্যাট্রিসিয়াকে দুই দিনের জন্য তাঁর পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু এরপর আবার তিনি স্কুলে স্বপদে ফিরে আসেন। ৩১ জানুয়ারি স্কুলে তাঁকে পাওয়া গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি। এ বিষয়ে স্কুলটির অধ্যক্ষ গিলিয়া কক্স কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এরপর স্কুল কর্তৃপক্ষ তাঁকে অন্য ক্ষেত্রে পদায়ন করে, যেখানে শিশুদের সঙ্গে তাঁর কোনো সংসর্গ থাকবে না।
এ বিষয়ে নিউইয়র্ক নগরের শিক্ষা বিভাগের মুখপাত্র টয়া হোলনেস নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এ বিষয়ে তদন্ত এখনো শেষ হয়নি। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা গুরুতর। যে আচরণের অভিযোগ পাওয়া গেছে, তার কোনো স্থান আমাদের স্কুল ও সমাজে নেই।’
প্যাট্রিসিয়া কামিংসের আচরণের শিকার শিক্ষার্থীরা জানায়, এ ধরনের ঘটনা এবারই প্রথম হয়নি। এর আগে প্যাট্রিসিয়া শ্রেণিকক্ষে দাসদের নির্যাতনের একটি ভিডিও প্রদর্শন করেছিলেন, যেখানে তিনি জাহাজে করে কৃষ্ণাঙ্গদের আনার সময়, তাদের থাকার জায়গাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি জাহাজে করে আনার সময় দাসদের জন্য বরাদ্দ করা থাকার জায়গাটির দৈর্ঘ্য-প্রস্থের হিসাব দিয়ে দেখান যে দাস হিসেবে একজন কৃষ্ণাঙ্গের কতটা প্রাপ্য ছিল।
প্যাট্রিসিয়া মিডল স্কুল ১১৮-এ কাজ করছেন ২০১৬ সাল থেকে। স্কুলটির চিয়ারলিডিং কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর এই অভিযোগ সম্পর্কে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিউইয়র্ক ডেইলিকে তিনি সরাসরি বলেছেন, ‘ক্ষমা করুন, আমি এই নিয়ে কারও সঙ্গে কথা বলব না।’
প্যাট্রিসিয়া কামিংসই প্রথম শিক্ষক নন, যার বিরুদ্ধে বর্ণবাদের এমন অভিযোগ উঠেছে। এর আগে ২০১৩ সালে একই ধরনের অভিযোগ উঠেছিল ম্যানহাটন পাবলিক স্কুল ৫৯-এর দুই শিক্ষকের বিরুদ্ধে। তাঁদেরকে পরে সাংস্কৃতিক সংবেদনশীলতার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।