ব্রডওয়ে থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন, তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ

লায়ন কিং-এ শো হয়েছে ৩ হাজারের বেশি
লায়ন কিং-এ শো হয়েছে ৩ হাজারের বেশি

জিরাফের রাজকীয় পদচারণা, ঈগলের ছোবল, হরিণের লাফ, ব্যাকগ্রাউন্ডে বাজছে আফ্রিকান ড্রামের শব্দ, ধীরে ধীরে সারা স্টেজে জেগে উঠছে বিশাল পাহাড়—উদয় হচ্ছে লাল সূর্য, স্পট লাইটের আলো এসে পড়ছে ‘শিম্বা’র ওপর। এলটন জনের কণ্ঠে সুরের মূর্ছনায় আর আলোর খেলায় আফ্রিকার ‘সাভানা’ জীবজন্তুসহ উঠে এসেছে স্টেজে। অভিনয়, লাইট, সাউন্ড, মিউজিক ও কস্টিউমের সমন্বয়ে সে এক অনন্য সৃষ্টি। কলমের ভাষায় এর বর্ণনা দেওয়া কঠিন কাজ। দ্য লায়ন কিং আফ্রিকার পটভূমিকায় রচিত সিংহ শাবক ‘শিম্বা’র বড় হয়ে ওঠার গল্প।
না বললেও নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমি নিউইয়র্কের ব্রডওয়ে শো লায়ন কিং-এর বর্ণনা দিচ্ছিলাম। ১৯৯৭ সাল থেকে ব্রডওয়েতে এর প্রদর্শনী শুরু হয় এবং এখন পর্যন্ত প্রতিটি শোতে দর্শক ছিল ভর্তি। এ পর্যন্ত শো হয়েছে ৩ হাজারের বেশি। বিনোদন মাধ্যমের জন্য আমেরিকার সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘টনি অ্যাওয়ার্ড’ পেয়েছে একাধিকবার একাধিক ক্ষেত্রে।
ট্যুরিস্টদের স্বর্গ নিউইয়র্কের অন্যতম আকর্ষণ হলো ব্রডওয়ে নাটক। কেউ নিউইয়র্কে এসে ব্রডওয়েতে কোনো নাটক দেখেনি এমন লোক বোধ হয় খুব কমই পাওয়া যাবে। নিউইয়র্কের মঞ্চনাটক বা ব্রডওয়ে শো যেন একটি জীবন্ত কিংবদন্তি। এ এক বিশাল কাণ্ড যেখানে একটি প্রডাকশনের পেছনে খরচ হয় লাখ লাখ ডলার। হাজার হাজার লোকের জীবিকার উৎস এই নাটক। নাটক ও নাটকপাড়াকে ঘিরে জন্ম নিয়েছে আরও নানা রকম ব্যবসা। নিউইয়র্কের অর্থনীতিতে এর অবদান অনস্বীকার্য। ‘লিগ অব আমেরিকান থিয়েটারস অ্যান্ড প্রডিউসার্স’ নামের প্রতিষ্ঠান ব্রডওয়ে থিয়েটার নিয়ে নানা রকম গবেষণা করে এবং তা প্রকাশ করে থাকে। এদের দেওয়া তথ্য থেকে জানা যায় যে ২০১৬-১৭ সালে নিউইয়র্কের অর্থনীতিতে ব্রডওয়ের থিয়েটারের অবদান ছিল ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এই থিয়েটারকে কেন্দ্র করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৩৬ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। প্রায় ১৩ দশমিক ৩ মিলিয়ন মানুষ ব্রডওয়ে শো দেখছেন, যার মধ্য ৬৩ শতাংশ হলেন ট্যুরিস্ট। 

নিউইয়র্কের ব্রডওয়ের তুলনা চলে শুধু লন্ডনের ওয়েস্ট অ্যান্ড থিয়েটারের সঙ্গে। ব্রডওয়েতে অভিনয় কোনো শিল্পীর জন্য সারা জীবনের পাওয়া। নিউইয়র্কের ব্রডওয়েতে মঞ্চস্থ যেকোনো নাটক হলো আমেরিকার সর্বশ্রেষ্ঠ প্রডাকশন। যদিও ব্রডওয়ে স্ট্রিটের নাম থেকে ‘ব্রডওয়ে’ নামটি এসেছে। তবে সব নাটকের প্রেক্ষাগৃহ কিন্তু ব্রডওয়েতে অবস্থিত নয়। অনেক প্রেক্ষাগৃহই আছে ‘টাইমস স্কয়ারে’ এবং ৪২ স্ট্রিটসহ মধ্য ম্যানহাটনের আরও কিছু স্ট্রিটে। নাটকপাড়ার আরেকটি নাম হলো ‘থিয়েটার ডিসট্রিক্ট’। ব্রডওয়েতে প্রদর্শিত সব নাটকই হলো পূর্ণ পেশাদারি।
আসনসংখ্যার ওপর ভিত্তি করে ব্রডওয়েকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ব্রডওয়ে, অফ-ব্রডওয়ে এবং অফ-অফ-ব্রডওয়ে। মূল ব্রডওয়েজুড়ে আছে ৫০০ বা তারচেয়ে বেশি আসনবিশিষ্ট প্রেক্ষাগৃহ। অফ-ব্রডওয়ের প্রেক্ষাগৃহের আসনসংখ্যা হলো ১০০ থেকে ৪০০ এবং অফ-অফ-ব্রডওয়েতে এই সংখ্যা হলো ১০০ বা তার চেয়ে কম। মূল ব্রডওয়েতে শুধু কমার্শিয়াল থিয়েটারই মঞ্চস্থ হয়। অফ-ব্রডওয়ে এবং অফ-অফ-ব্রডওয়েতে কমার্শিয়াল থিয়েটারের সঙ্গে নিরীক্ষাধর্মী নাটক ও গীতিনাট্য বা মিউজিক্যাল মঞ্চস্থ হয়। তবে এমন অনেক নাটক আছে, যেগুলো প্রথমে অফ-ব্রডওয়ে অথবা অফ-অফ-ব্রডওয়েতে শুরু হয়েছিল জনপ্রিয়তার কারণে। পরে সেগুলো মূল ব্রডওয়েতে মঞ্চস্থ হতে শুরু করে। এমনি দুটি নাটক হলো রেন্ট ও অ্যাভিনিউ কিউ। টাইমস স্কয়ার এলাকায় ব্রডওয়ে এবং ৪৭ সব স্ট্রিটের মাঝখানটাতে অবস্থিত হলো ‘ডাফি স্কয়ার’। এখানে প্রতিদিনের বিভিন্ন শোর অবিক্রীত টিকিট অর্ধেক দামে (একটি জনপ্রিয় নাটকের টিকিটের গড় দাম ৪০ ডলার থেকে ১০০ ডলার) বিক্রি করা হয়। আর তাই এই এলাকাতে সকাল থেকেই কয়েক শ লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে টিকিটের জন্য। একটা ইলেকট্রনিক বোর্ডে কোন কোন প্রদর্শনীর টিকিট পাওয়া যাচ্ছে তা দেখানো হতে থাকে। লোকজন সাধারণত শো শুরুর ছয় থেকে সাত ঘণ্টা আগে এখান থেকে টিকিট কেটে থাকে।
নিউইয়র্কে নাটকের প্রথম পেশাদারি প্রদর্শনী ১৭৫৩ সালে শুরু হয়েছে বলে জানা যায়। ধীরে ধীরে এর ব্যাপকতা বাড়তে থাকে একসময় ইউরোপীয় অভিনেতা-অভিনেত্রীরা এসে এখানে অভিনয় শুরু করেন। কালক্রমে এখানে প্রদর্শিত নাটকের ব্যবসায়িক সাফল্য নতুন নতুন সব প্রতিষ্ঠানকে তাদের প্রডাকশন নিয়ে ব্রডওয়েতে আসতে উৎসাহিত করতে থাকে। আজ ব্রডওয়ের নাটকের এক বিশাল জগত সৃষ্টি হয়েছে। নাটকের কয়েকটি বড় বড় প্রডাকশন কোম্পানি হলো দ্য ওয়ার্ল্ড ডিজনি, নেদারল্যান্ডের অর্গানাইজেশন, ম্যানহাটনের থিয়েটার ক্লাব, লিনকন সেন্টার থিয়েটার ইত্যাদি। প্রতিটি প্রডাকশন কোম্পানির নিজস্ব অভিনেতা-অভিনেত্রী, ডাইরেক্টর, গায়ক এবং নানা রকমের কলাকুশলী থাকেন। থিয়েটারের কলাকুশলীদের স্বার্থ দেখার জন্য আছে শক্তিশালী ‘ইউনিয়ন’।
এখানে সাধারণত দুই ধরনের শো হয়ে থাকে। একটি হলো সংলাপনির্ভর নাটক আর অপরটি চমৎকার সব গান, নাচসহ গীতিনাট্য। নাটকের তুলনায় গীতিনাট্য বা মিউজিক্যাল অনেক বেশি জনপ্রিয়। ব্রডওয়ের কোনো কোনো নাটক বা মিউজিক্যাল এতই জনপ্রিয় যে বছরের পর বছর ধরে তা চলতে থাকে। কোনো কোনো নাটক বা মিউজিক্যাল আবার চলচ্চিত্রায়ন হয়। কোনো কোনো মিউজিক্যাল আবার চলচ্চিত্রায়নের পর এসেছে মঞ্চে। এমনই একটি মিউজিক্যাল হলো দ্য লায়ন কিং।
ব্রডওয়ের নাটকের ইতিহাসে আরেকটি অনন্য সৃষ্টি হলো ক্যাটস নামের মিউজিক্যাল। এটি একটানা ২০ বছরের বেশি সময় ধরে ব্রডওয়েতে মঞ্চায়ন হচ্ছে। টি এস ইলিয়টের ওল্ড পোসম’স বুক অব প্রাকটিক্যাল ক্যাটস অবলম্বনে ক্যাটস মিউজিক্যালটি রচিত। প্রথম দফায় নিউইয়র্কে ক্যাটস-এর প্রথম প্রদর্শনী হয় ১৯৮২ সালের ৭ অক্টোবর আর শেষ হয় ২০০০ সালের ১০ সেপ্টেম্বর। ক্যাটস-এর মোট প্রদর্শনী হয় ৭ হাজার ৪৮৫টি। নিউইয়র্কের আগে ১৯৮১ সালে ক্যাটস-এর শো শুরু হয় লন্ডনে এবং সেখানে মোট শো হয়েছে ৮ হাজার ৯৪৯টি। তবে ক্যাটস এখন আবার নতুন করে মঞ্চস্থ হচ্ছে।
একনজরে ব্রডওয়ে
* ১৯৮২-৮৩ সিজনে ক্যাটস-এর টিকিট বিক্রি হয় ৪ দশমিক ৪৫ মিলিয়ন ডলার এবং অগ্রিম টিকিট বিক্রি হয় ৬ দশমিক ২৫ মিলিয়ন ডলার, যা ছিল ব্রডওয়ে শোর একটি রেকর্ড।
* ব্রডওয়েতে এর প্রদর্শনী চলার সময় আনুমানিক ৮০ লাখ লোক এটি উপভোগ করেছে।
* নিউইয়র্কের অর্থনীতিতে এর অবদান প্রায় ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার।
* এতে কর্মরত ছিলেন ২৩১ জন কর্মী। প্রদর্শনী চলার সময় পর্যন্ত ১৯ জন কর্মী প্রয়াত হয়েছেন। দুজন প্রদর্শনীর শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করেছেন।
* ক্যাটস-এর লোগো আঁকা ৩ লাখ ৯০ হাজারটি টি-শার্ট এবং ১ লাখ ৩০ হাজারটি সুয়েট শার্ট বিক্রি হয়েছে। স্মরণিকা পুস্তিকা বিক্রি হয়েছে ১০ লাখ ১৪ হাজার।
ব্রডওতে আরেকটি সাড়া জাগানো এবং দীর্ঘ দিন মঞ্চস্থ নাটক হলো ফ্যান্টম অব দ্য অপেরা।
এখানে উল্লেখ করা যায় যে নিউইয়র্কের স্থানীয় বাংলাদেশি কয়েকটি নাট্যদল অফ-ব্রডওয়েতে এবং অফ-অফ-ব্রডওয়েতে মাঝেমধ্যে নাটকের প্রদর্শনীর আয়োজন করে থাকে। কিছুদিন আগে ভারতের একটি মিউজিক্যাল বোম্বে ড্রিম লন্ডনের পর ব্রডওয়েতে তাদের শো করেছিল এবং মোটামুটি জনপ্রিয়তাও পেয়েছিল।

ব্রডওয়ের ১০টি জনপ্রিয় থিয়েটার
১. উইকেট
২. দ্য লায়ন কিং
৩. মামা মিয়া!
৪. বিউটিফুল
৫. এনাসটাসিয়া
৬. দ্য প্রডিউসারস
৭. দ্য ফ্যান্টম অব দ্য অপেরা
৮. চিটি চিটি ব্যাং ব্যাং
৯. হেয়ার
১০. জুলিয়াস সিজার