ব্রডওয়েতে ফিরছে 'লিটল থিয়েটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে সাজানো হচ্ছে ‘হেলেন হায়েস থিয়েটার’
নতুন করে সাজানো হচ্ছে ‘হেলেন হায়েস থিয়েটার’

নিউইয়র্কের ব্রডওয়ে স্ট্রিট। শহরের থিয়েটারপাড়া নামে সমধিক পরিচিত। এই ব্রডওয়ে স্ট্রিটে সে সময়ের একটি নামকরা থিয়েটার ছিল ‘লিটল থিয়েটার’। আকারে এতই ছোট ছিল যে লিটল নামকরণটিও ওই সেখান থেকেই। সেও প্রায় এক শতাব্দী আগের কথা, যখন লিটল থিয়েটার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কয়েকবার করে এই থিয়েটার বন্ধ হয়ে গেছে। পুনরায় চালু হলে কখনো নাম পাল্টে গেছে, কখনোবা মূল উদ্দেশ্যই বদলে গেছে, কখনো আবার আগের অবস্থাতেই ফেরত গেছে। 

বর্তমানে এর নাম হয়েছে ‘হেলেন হায়েস থিয়েটার’। নিউইয়র্কের ব্রডওয়ে স্ট্রিটে ছোট্ট এই নাট্যশালা একটি অলাভজনক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আবারও নতুন করে শুরু হচ্ছে। ব্রডওয়ে স্ট্রিটের ৪১টি থিয়েটারের মধ্যে এটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা চালিত ষষ্ঠ থিয়েটার হতে যাচ্ছে। বাকিগুলো বাণিজ্যিকভাবে দোর্দণ্ড প্রতাপেই চলছে।
৫৮৯ জন দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই থিয়েটার হাউস এখন যাদের মালিকানায়, সেই অলাভজনক প্রতিষ্ঠান ‘সেকেন্ড স্টেজ থিয়েটার’ এবারের নতুন করে শুরু করার উদ্দেশ্য হিসেবে জানিয়েছে, তারা এবার শুধুই আমেরিকার বর্তমান জীবিত নাট্যকারদের লেখা নাটক মঞ্চে নিয়ে আসবে। সেই হলে হেলেন হায়েস থিয়েটার নিউইয়র্কের থিয়েটারপ্রেমীদের জন্য নতুন কিছুই নিয়ে আসছে মনে হচ্ছে। কারণ, ব্রডওয়ে স্ট্রিটের আর সব থিয়েটারে বর্তমানে হয় সংগীতকে প্রাধান্য দিয়ে গীতিনাট্য, নয়তো পুরোনো বিখ্যাত নাটকগুলোর নতুন মঞ্চায়ন, আর তা না হলে ব্রিটিশ নাটকের সেই গৎবাঁধা আমদানিই চলে আসছে। নিউইয়র্কের নাটকপাড়ায় টিকিট বিক্রিকে মাথায় রেখে যে বাণিজ্যিক দৃষ্টিকোণে ওই সব নাটক হালে পানি পাচ্ছে, তার কারণে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা মঞ্চে কমে গিয়েছিল। প্রচলিত ধারার বাইরে গিয়ে আমেরিকার যেসব নতুন নাট্যকার নাটক লিখছেন, তাঁরাও বঞ্চিত হচ্ছিলেন।
টু ফোরটি ওয়েস্ট ফোরটি ফোর্থ স্ট্রিটে অবস্থিত এই নাট্যশালায় যে নতুন সজ্জা আনা হয়েছে, তা দেখলে সেকেন্ড স্টেজ থিয়েটারের সমকালীন চিন্তাধারারই প্রমাণ পাওয়া যাচ্ছে। এর আগে এই নাট্যশালার সাজঘরটির ডেকোরেশন নিয়ে অভিযোগ ছিল। নতুন সজ্জায় সেটি দূর হয়েছে। বাথরুমগুলোও যথেষ্ট আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য সুব্যবস্থা এবং নাটকের মহড়ার জন্য নির্দিষ্ট স্থান।
হেলেন হায়েসের নতুন রূপে আবির্ভাবের কারিগর আর্কিটেক্ট ডেভিড রকওয়েল। রকওয়েল নিজেও থিয়েটার পাড়ায় একজন নিয়মিত সেট ডিজাইনার। রকওয়েল এই ঐতিহ্যবাহী নাট্যশালাটির বর্তমান লক্ষ্য ও পুরোনো ঐতিহ্য—এই দুটো মাথায় রেখেই এই নতুন সজ্জার পরিকল্পনা করেছেন। লিটল থিয়েটারের প্রতীক ‘পুষ্পমাল্য হাতে হাতে ধরে থাকা একসারি স্বর্গের পরি’ ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে দেয়ালে কংক্রিটের ছাঁচে তৈরি করা হয়েছে। সব থেকে চোখে পড়ছে নাট্যশালার নতুন নকশাকাটা চার ধারের দেয়াল। ফরাসি চিত্রশিল্পী ফ্রঁসোয়া বুশের চিত্রকর্ম কাপড়ে ছাপচিত্র করে একটা নীলাভ রঙে পুরো দেয়ালজুড়ে সেঁটে দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেজের দীর্ঘদিনের শিল্প নির্দেশক ক্যারল রথম্যানের পরিষ্কার জানিয়ে দিলেন, এবারকার নতুন সজ্জার লক্ষ্যই ছিল ব্রডওয়ের অপরাপর থিয়েটারগুলো থেকে ভিন্ন পরিচয় দাঁড় করানো।
উইনথ্রপ এমস নামে সেই সময়ের একজন ধনাঢ্য প্রযোজক, নির্দেশক ও নাট্যকার ১৯১২ সালে লিটল থিয়েটার নামের এই অভিজাত ও সুবিদিত নাট্যশালাটি প্রতিষ্ঠা করেছিলেন। লিটল থিয়েটারে সে সময় আজকের ব্যালকনিটি ছিল না, আর আসনসংখ্যাও ছিল ২৯৯। লিটল থিয়েটারে তখন টিকিটের দামও ছিল ব্রডওয়ের অন্যান্য থিয়েটারের থেকে বেশ চড়া। এমসের তখনকার লক্ষ্যই ছিল, শিক্ষিত উঁচু মানের দর্শকের জন্য একটি জায়গা তৈরি করা। ১৯২০ সালে প্রথম ব্যালকনিটি যুক্ত করে আসনসংখ্যা ৬০০তে উন্নীত করা হয়। থিয়েটারটির মালিকানা পরে বিভিন্ন সময় হাতবদল হয়েছে। মাঝে সংবাদপত্র কিনে নিলে হলরুম হিসেবে অনুষ্ঠান আয়োজন হতো, টেলিভিশন চ্যানেলের জন্য টক শো রুম ছিল দীর্ঘ একটা সময়। কিন্তু লিটল থিয়েটার আমেরিকার থিয়েটার অঙ্গনে মানুষের মনে যে জায়গা করে নিয়েছিল, তার জন্য দর্শকের একটা আর্তি বুঝি থেকেই গিয়েছিল। বর্তমানে তাই সেকেন্ড স্টেজের হাত ধরে আবারও নিউইয়র্কের দর্শক নিখাদ নান্দনিক থিয়েটারের বিনোদন পেতে যাচ্ছেন, হোক না তার নাম হেলেন হায়েস থিয়েটার। পুরোনো চাল যে ভাতে বাড়ে, ঐতিহ্যবাহী এই থিয়েটার ব্রডওয়েতে শিগগিরই সেটিই দেখাতে যাচ্ছে—কর্তৃপক্ষের খুঁতখুঁতে প্রচেষ্টা আর আয়োজন দেখলে অন্তত এবার তার স্পষ্ট আভাসই পাওয়া যাচ্ছে।