ব্রাউনের সৎ বাবার বিরুদ্ধে তদন্ত হবে
যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরতলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর সৎবাবার বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ। খবর বিবিসির।
গত সপ্তাহে গ্র্যান্ড জুরি ব্রাউনকে গুলি করা পুলিশ কর্মীকে অভিযুক্ত না করার সিদ্ধান্ত নিলে মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নতুন করে সহিংস বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের একটি ভিডিও দৃশ্যে দেখা যায়, মাইকেল ব্রাউনের সৎবাবা লুইস হেড চিৎকার করে বলছেন, ‘এটা (কোনো স্থান) জ্বালিয়ে দাও!’ সেন্ট লুইস কাউন্টি পুলিশের মুখপাত্র ব্রায়ান শেলম্যান গত মঙ্গলবার বলেন, দাঙ্গার ঘটনায় অধিকতর তদন্তের অংশ হিসেবে হেডের এ মন্তব্য নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চায় কর্তৃপক্ষ।
বিক্ষোভের কেন্দ্রবিন্দু ফার্গুসনে পুলিশের গাড়ি ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফার্গুসন থেকে কৃষ্ণাঙ্গদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। কৃষ্ণাঙ্গরা ছাড়াও নাগরিক ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীরা এসব বিক্ষোভে যোগ দেন।