
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি নিউইয়র্ক ফুটবল লীগের সপ্তম সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস ইউনাইটেড ও যুব সংঘ (বি) পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
গত ২৮ জুলাই বিকেলে লীগের দুটি খেলা অনুষ্ঠিত হয়। অপর খেলায় একটি দল ওয়াক ওভার পায়।
কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ব্রাদার্স এলায়েন্স জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। এর আগে খেলায় অংশ না নেওয়ায় লীগ ও টুর্নামেন্টের বিধি মোতাবেক জ্যাকসন হাইটস ক্লাবকে সাসপেন্ড করা হয়েছে। এদিন ব্রাদার্স এলায়েন্সকে বিজয়ী ঘোষণা করা হয় এবং দলটি ৩ পয়েন্ট লাভ করে।
দিনের দ্বিতীয় খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে সন্দ্বীপ স্পোর্টিংকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলাটি জমে ওঠে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে নাহিদ জয়সূচক গোলটি করেন।
দিনের তৃতীয় ও শেষ খেলায় যুব সংঘ (বি) যুব সংঘকে (এ) ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। এই খেলার প্রথমার্ধের ২৩ মিনিটের সময় যুব সংঘ (বি)-এর মুন্না প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে এই অর্ধের ২৫ মিনিটের সময় বাবলু আরও একটি গোল করে যুব সংঘ (বি)-কে এগিয়ে নিয়ে যান।
খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে খালেদ আরও একটি গোল করেন। এই গোলের এক মিনিট পরেই অর্থাৎ ২৯ মিনিটের সময় যুব সংঘ (এ)-এর পক্ষে সাঈদ একটি গোল পরিশোধ করেন।
এদিন স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানা, ওয়াহিদ কাজী এলিন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, আবদুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহের আসাদসহ অনেকেই মাঠে উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটির জরুরি সভা
খেলা শেষে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি লীগ ও টুর্নামেন্টের ফাইনাল খেলার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং ম্যাগাজিন উপকমিটি গঠন করা হয়।
তিন সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম, সদস্যসচিব সৈয়দ এনায়েত আলী এবং আবদুল বাসিত খান বুলবুলকে সদস্য মনোনীত করা হয়।