ব্রাদার্স, যুবসংঘ ও আইসাবের পূর্ণ পয়েন্টে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল্মহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের খেলায় খেলোয়াড়েরা। দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, যুবসংঘ ও আইসাব জয় পেয়েছে
এল্মহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের খেলায় খেলোয়াড়েরা। দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, যুবসংঘ ও আইসাব জয় পেয়েছে

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগের দ্বিতীয় সপ্তাহের খেলায় ব্রাদার্স এলায়েন্স, যুবসংঘ ও আইসাব জয় পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। ২৩ জুন বিকেলে এল্মহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের এই তিনটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় ব্রাদার্স এলায়েন্স ১-০ গোলে যুবসংঘকে (এ) পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধ গোল শূন্য ছিল। পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের সময় ব্রাদার্সের পক্ষে কাজুয়ার জয়সূচক গোলটি করেন।

দিনের দ্বিতীয় খেলায় যুব সংঘ (বি) সহজেই ৩-০ গোলে সন্দ্বীপকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় সোলে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটে খালেদ ও ৩৮ মিনিটের সময় বাবলু আরও দুটি গোল করে সন্দ্বীপকে জয়ী করেন।

দিনের তৃতীয় ও শেষ খেলায় আইসাব ২-১ গোলে জ্যাকসন হাইটসকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলার প্রথমার্ধে শুরুর ২ মিনিটের সময় জ্যাকসন হাইটসের পক্ষে রায়ান প্রথম গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। পরে খেলার ১৫ মিনিটের সময় আইসাবের জায়ান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। খেলার ২৩ মিনিটের সময় আইসাবের সানি জয়সূচক গোলটি করেন (২-১)। ফলে আইসাব জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট লাভ করে।

স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধুরী, সহসভাপতি ওয়াহিদ কাজী এলিন, আবদুল বাসিত খান বুলবুল, জাকির হোসেন, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক ফুটবল লীগের পরবর্তী খেলা ৩০ জুন বেলা তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এদিন প্রথম খেলায় জ্যাকসন হাইটস ও যুব সংঘ (বি), দ্বিতীয় খেলায় ব্রাদার্স এলায়েন্স ও আইসাব এবং তৃতীয় খেলায় যুব সংঘ (বি) ও যুব সংঘ (এ) একে অপরের বিপক্ষে মাঠে নামবে।