ব্রিটিশ পার্লামেন্টে অধিবেশন চলাকালে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

এ ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে একযোগে তিনটি সন্ত্রাসী হামলার এক বছর পূর্তির দিনেই লন্ডনে এ ঘটনা ঘটল। ব্রাসেলসের হামলায় নিহত হয়েছিলেন ৩২ জন।

হামলার সময় ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আটকা পড়েন মন্ত্রী-এমপিসহ অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের বের করে নিয়ে আসার সময় অনেকে এভাবে রুদ্ধশ্বাসে ছুটে আসেন l ছবি: এএফপি
হামলার সময় ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আটকা পড়েন মন্ত্রী-এমপিসহ অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের বের করে নিয়ে আসার সময় অনেকে এভাবে রুদ্ধশ্বাসে ছুটে আসেন l ছবি: এএফপি

লন্ডনের সময় গতকাল দুপুরে যখন ওই হামলার ঘটনা ঘটে, তখন সংসদের উভয় কক্ষে (হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্স) অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী থেরেসা মে-ও ছিলেন সংসদ ভবনে। ঘটনা ঘটার মুহূর্তের মধ্যেই প্রধানমন্ত্রী থেরেসা মেকে সংসদ ভবন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এমপিদের নিরাপত্তায় পুরো সংসদ ভবন এলাকা ঘিরে ফেলে আর্মড পুলিশ। কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পার্লামেন্ট ভবন। দর্শনার্থীদের জন্যও এলাকাটি বেশ আকর্ষণীয়। প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে ঠাসা থাকে এই এলাকা। লন্ডন আইসহ বিভিন্ন স্থাপনায় আটকা পড়ে দর্শনার্থীরা। পার্শ্ববর্তী ওয়েস্টমিনস্টার পাতাল রেলস্টেশনসহ পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো লন্ডন শহরে।

টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজের দক্ষিণ প্রান্ত এসে লেগেছে পার্লামেন্ট এলাকায়। আর অপর প্রান্তে ওয়েস্টমিনস্টার পিয়ার (নৌবিহার), লন্ডন আইসহ নানা দর্শনীয় স্থাপনা। এই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী। এরপর গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করেন হামলাকারী। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে নিবৃত করে। গুলিতে নিহত হন হামলাকারী। হামলাকারীর ছুরিতে আহত চার পুলিশ সদস্যের মধ্যে মারা যান একজন। আর গাড়িচাপায় নিহত হন দুজন। আহত হন ২০ জনের বেশি। এঁদের মধ্যে তিনজন ফরাসি নাগরিক বলে তাৎক্ষণিকভাবে জানায় ফরাসি কর্তৃপক্ষ।

ডেইলি মেইল-এর সাংবাদিক কুয়েনটিন লেটস তাঁর অফিস ভবন থেকে ঘটনাটি স্বচক্ষে দেখেছেন। তিনি বিবিসিকে বলেন, পার্লামেন্ট বেষ্টনীতে গাড়ি আছড়ে পড়ার শব্দ শুনে তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন, পার্লামেন্টের প্রবেশপথে তিনজন নিরাপত্তারক্ষী কালো পোশাক পরা এক লোককে বাধা দেওয়ার চেষ্টা করছেন। ওই ব্যক্তি হাতে কিছু একটা ঘোরাচ্ছিলেন। পরক্ষণেই নিরাপত্তারক্ষীদের একজনকে মাটিয়ে লুটিয়ে পড়তে দেখেন তিনি। এরপর ওই ব্যক্তি দৌড়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। তিনি বলেন, পরপর চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা ওয়েস্টমিনস্টার সেতুর ওপর আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখেছেন।

পুলিশ বলছে, সব দিক মাথায় নিয়েই তারা ঘটনাটি তদন্ত করবে। তবে নতুন কোনো কারণ উদ্‌ঘাটনের আগ পর্যন্ত তারা এটিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে। এ ঘটনায় ধারণ করা ভিডিও ও ছবি পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদে তাঁর বাসভবনে গিয়ে পৌঁছান। রাতেই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ বৈঠকের ডাক দেন। বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন।

ঘটনার সময় অন্য অনেক এমপির মতো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও পার্লামেন্টে উপস্থিত ছিলেন। তাঁর ছোট বোন আজমিনা সিদ্দিক এক টুইট বার্তায় জানান, তাঁর বোন নিরাপদে আছেন। টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

এদিকে স্কটিশ পার্লামেন্টে গতকাল বিকেলে স্কটল্যান্ডের স্বাধীনতার দাবিতে উত্থাপিত বিলের ওপর গুরুত্বপূর্ণ ভোটাভুটির কথা ছিল। ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনায় তারাও পার্লামেন্ট মুলতবি ঘোষণা করে। স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজিওন হামলার শিকার মানুষের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন।

হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেন বলে জানায় হোয়াইট হাউস। এ তথ্য জানিয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প ঘটনার নিন্দা জানিয়েছেন।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘যদিও এ হামলার প্রেক্ষাপট এখনো স্পষ্ট নয়, তবু আমি পুনরায় আশ্বস্ত করতে চাই যে জার্মানি এবং এ দেশের জনগণ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে যুক্তরাজ্যের পাশে দাঁড়াবে।’