ব্রুকলিন জেগে উঠেছে

ক্যালেন্ডার অনুযায়ী এখন বসন্ত। দীর্ঘ শীতের শেষে বসন্ত এসেছে। কুঁকড়ে যাওয়া ন্যাড়া ধূসর গাছগুলো হঠাৎ করে বর্ণিল ফুলে ফুলে ছেয়ে গেছে। কত রকম রং! কোনোটা হালকা গোলাপি, কোনোটা গাঢ় গোলাপি, কোনোটা আবার সাদা। রয়েছে হালকা বেগুনি, গাঢ় বেগুনি, হালকা নীল, হলুদসহ নানা রঙের ফুল। গত কিছুদিন বৃষ্টির পর ফুলগুলো ঝরে গিয়ে এখন সবুজের ছড়াছড়ি। তেল কুচকুচে পাতাগুলো সালোক সংশ্লেষণ করে রোদ থেকে খাবার নিয়ে চমৎকার স্বাস্থ্যোজ্জ্বল। রোদে উজ্জ্বল সবুজ পাতা বাতাসে দুলে দুলে হেসে খেলে মন ভোলাচ্ছে। ব্রুকলিনবাসীরা আনন্দে মাতোয়ারা এখন। তাপমাত্রা পঞ্চাশ ছাড়িয়ে ষাট সত্তরের ঘরে উঠলেই পরিবার পরিজন নিয়ে সবাই ছোটে গায়ে রোদ লাগাতে। কেউ বেছে নেয় সমুদ্র সৈকত, কেউ বেছে নেয় পার্ক।
মেমোরিয়াল ডের লম্বা ছুটি। ব্রুকলিন ব্রিজ পার্ক জমজমাট। মেরিন পার্ক, প্রসপেক্ট পার্ক, কনি আইল্যান্ড লুনা পার্কে রং-বেরঙের কাপড় পরে মানুষের ঢল নেমেছে। এ নগরী পর্যটকদের। ক্যামেরা নিয়ে মানুষ ব্যস্ত ছবি তোলায়। সেলফোন ও লং স্টিক নিয়ে ব্রুকলিন ব্রিজ পার্ক পর্যটকেরা পরিযায়ী পাখির মতো কোলাহলমুখর করে তুলেছে। মেরিন পার্কের সবুজ ঘাসের গালিচায় বড় তোয়ালে ছড়িয়ে সন্তানদের নিয়ে রোদে পিঠ পেতে বসেছে পরিবার পরিজন। বারবিকিউ করার জায়গা খুঁজে পাকা শেফের মতো সুঘ্রাণ ছড়িয়ে চিকেন রান্না হচ্ছে। কনি আইল্যান্ড বিচের লুনা পার্ক খুলে দেওয়া হয়েছে। বোর্ডওয়াকে উপচে পড়া ভিড়। পানি এখনো বরফ শীতল। কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বালুকাবেলা। রোদচশমায় চোখ ঢেকে শুয়ে পড়েছে সানস্ক্রিন মেখে কেউ কেউ। কেউবা লাইন ধরে সন্তানদের নিয়ে একের পর এক রাইডে চড়ছে। লুনা পার্কের ওয়ান্ডার হুইল ও সাইক্লোন রোলারকোস্টের, যা ১৯২৭ সালে চালু হয়েছিল। ঘূর্ণিঝড় স্যান্ডির পর এটি ৮ হাজার ৫২৫ ফুট দীর্ঘ ও আরও আকর্ষণীয় করা হয়েছে। হিস্পানিক নারীরা কার্টে করে তরমুজের জুস, আইসক্রিম বিক্রি করছে। বাতাসে বারবিকিউ সস, চিকেন, শ্রিম্প ও ফ্রেঞ্চ ফ্রাইয়ের সুঘ্রাণ।

ইস্ট রিভারের তীরে ৮৫ একর ভূমিজুড়ে ব্রুকলিন ব্রিজ পার্ক। ‘ল্যান্ডস্ক্যাপ আর্কিটেকচার ফার্ম’-এর নকশা প্রণয়ন করেন। ছয়টি পিয়ার আর ফুলটন ফেরিসহ মনোমুগ্ধকর এই ব্রুকলিন ব্রিজ পার্ক নিউইয়র্কের স্প্রিং ও সামারে অন্যতম আকর্ষণ। পিয়ার ১ থেকে ৬ পর্যন্ত রয়েছে খেলার জায়গা। এখন কলেজ গ্র্যাজুয়েশন উৎসবের সময় চলছে। প্রম আর স্কুল গ্র্যাজুয়েশন কদিন পরে। শিক্ষা সমাপনী অনুষ্ঠানের শেষে বন্ধুদের ছবি তোলা সেশন হয় ব্রুকলিন ব্রিজ পার্কে। লিমোজিন গাড়িতে করে চলে আসে সব বন্ধু একসঙ্গে। পেছনে ম্যানহাটনের স্কাইলাইন ও ইষ্ট রিভার। কদিন পরেই কে কাজ নিয়ে কোথায় চলে যাবে কে জানে! বিয়ের পরও দম্পতিরা ছবি তুলতে এই স্থানটিকেই বেছে নেয়। ব্রুকলিন ব্রিজ পার্কের ধারণাকে আমূল বদলে দিতে এসেছে হাই লাইন। সেতুর দুপাশে রাস্তায় কঙ্ক্রিটের জঙ্গলের ফাঁকে যেন এক চিলতে মরূদ্যান।
২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে তিন দফায় নির্মিত দুই কিলোমিটারের স্বপ্ন উদ্যান এ হাই লাইন। এটিকে কেউ বলে পার্ক, কেউবা আবার স্বপ্ন দেখার স্থান। এই হাই লাইন ধরে কিছুক্ষণ হাঁটাও হতে পারে এক অনবদ্য অভিজ্ঞতা। প্রচুর পর্যটক হাঁটছে সেতুর দুপাশে। নিউইয়র্কে মোট সেতুর সংখ্যা ৭৮৯টি। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী হলো ব্রুকলিন ব্রিজ। ১৮৮৩ সালে এর নির্মাণকাজ শেষ হয়। ব্রুকলিন ও ম্যানহাটনের সংযোগকারী এ সেতু গেছে ইস্ট রিভারের ওপর দিয়ে।
রয়েছে ব্রুকলিনের সবচেয়ে বড় পাবলিক পার্ক ‘ব্রুকলিন মেরিন পার্ক’। সমভূমি, মিল বেসিন, গেরিটসেন বিচ, বার্গেন বিচ, মিডউড ও শিপসহেড বের মধ্যবর্তী অঞ্চল নিয়ে উদ্যানটি। ব্রুকলিনের একটি এলাকার নামে এ উদ্যানের নাম। মেরিন পার্ক নেইবারহুডে আইরিশ, গ্রিক ও ইতালীয়দের বসবাস। এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশই ইহুদি। এ উদ্যানের আয়তন ৫৩০ একর। সরকারি সম্পত্তিতে পরিণত হওয়ার আগে এর অধিকাংশই ছিল হুইটনি ফ্যামিলির। ১৯২০ সালে ওই পরিবার এ ভূমি নিউইয়র্ক নগরকে দান করে। এটি জ্যামাইকা বের পাশের এ জায়গা ভরাট করা হয়েছে বর্জ্য ও নষ্ট গাড়ি ফেলে। পরে এই ভূমির সঙ্গে যুক্ত হয় আরও বিস্তৃত এলাকা। মোট ১ হাজার ৮২০ একর ভূমি নিয়ে ১৯৩৭ সালে উদ্যানটি ‘ব্রুকলিন মেরিন পার্ক’ নামে পরিচিতি পায়। ১৯৩৯ সালে প্র্যাট হুইট অ্যাথলেটিক ফিল্ডও উন্মুক্ত করা হয়। ১৯৬৩ সালে এর ২১০ একর এলাকায় তৈরি করা হয় গলফ কোর্ট।
উদ্যানের জন্য ১৯৭১ সালে দান করা হয় জন ভি লিন্ডসে বিমানবন্দর এলাকা। ১৯৭৯ সালে নতুন বলফিল্ড উন্মুক্ত হয়। এর নামকরণ করা হয় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা রোকো টরের নামে, যার বেসবলের প্রতি ছিল সীমাহীন ভালোবাসা। ১৯৯৩ সালে বাস্কেটবল, টেনিস, বেসবল, বোক্কে খেলার মাঠ ছিল উদ্যানটিতে। এখন এখানে ক্রিকেট প্র্যাকটিসের জন্য পিচও রয়েছে। মেরিন পার্ক সিভিক অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও আইনজীবী কারমিনো ক্যারোর নামে ২০১৩ সালে এখানে চালু হয় কারমিনো ক্যারো কমিউনিটি সেন্টার। উদ্যানটির বিস্তীর্ণ এলাকায় আছে সবুজ ঘাস, আর তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছের সারি, যা এই শীত শেষের এ উজ্জ্বল উষ্ণ সময়ে কোলাহলমুখর হয়ে ওঠে।
শীতে দীর্ঘ সময় বরফাচ্ছাদিত এ অঞ্চল। শীতের তীব্রতায় জবুথবু থাকে মানুষ। শীত কমে যেতেই আলো ঝলমলে হাসি নিয়ে জেগে ওঠে নগরী; উত্তাপে উচ্ছ্বাসে ভরপুর। সূর্যালোক মানেই ভিটামিন ডি। এখানে সবাই জানে কত মূল্যবান এ সূর্যালোক। তাই গাছের পাতার মতোই ব্রুকলিনের মানুষও ব্যস্ত এখন সূর্যালোক ধরতে। শুধু ব্রুকলিন কেন সূর্যালোক ও প্রকৃতির সান্নিধ্য পেতে নিউইয়র্ক নগরী ও এর আশপাশের অঞ্চল থেকে অনেকেই আসছে এখন ব্রুকলিনে।