ব্রুকলিনে ইমামের বিরুদ্ধে 'মসজিদ দখলের' অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মসজিদ নূর আল ইসলাম’ মসজিদের ইমামের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ
‘মসজিদ নূর আল ইসলাম’ মসজিদের ইমামের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ

ব্রুকলিনের স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেছেন, এলাকার ‘মসজিদ নূর আল ইসলাম’-এর সাবেক ইমাম গহুর আহমেদ মসজিদটির নাম পরিবর্তন করে নিজের দখলে নিয়েছেন। 

১ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন মুসল্লিরা। প্রায় তিন শতাধিক মুসল্লির উপস্থিতিতে সাবেক ইমামের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়।
মুসল্লিরা বলেছেন, গহুর আহমেদ মসজিদে তালা লাগিয়ে দেওয়ার কারণে তাঁদের ঠান্ডার মধ্যে মসজিদের বাইরে নামাজ পড়তে হচ্ছে।
বিক্ষুব্ধ বক্তারা বলেন, ২০০১ সাল থেকেই মসজিদটিকে দখল করে রেখেছেন সাবেক ওই ইমাম। তাঁদের অভিযোগ, ‘মসজিদ নূর আল ইসলাম’ কে বিক্রেতা দেখিয়ে এবং ‘ইসলাম কমিউনিটি ট্রাস্ট’কে ক্রেতা দেখিয়ে মসজিদের নাম রেকর্ড করিয়ে নিয়েছেন তিনি। জানা গেছে ক্রেতা ‘ইসলাম কমিউনিটি ট্রাস্ট’-এর ট্রাস্টি ইমাম গহুর নিজেই। তাঁরা বলেন, ২০১৪ সালে মসজিদের অর্থ কেলেঙ্কারির দায়ে গহুরের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা হয়। মামলায় নিশ্চিত হেরে যাওয়ার ভয়ে গহুর আহমেদ বর্তমান কমিটির কাছে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ৮ আগস্ট ২০১৭ তারিখে মসজিদ কমিটির কয়েকজনকে মিশিগানে ডেকে নেন। সেখানে বর্তমান কমিটির প্রেসিডেন্ট কামাল নাসেরের নিকট নোটারির মাধ্যমে মসজিদ পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ও ইমামতির পদ থেকে পদত্যাগ করেন। ১২ আগস্ট তিনি নিউইয়র্কে আসেন এবং মিশিগানস্থ শরিয়া বোর্ডের মোহাম্মদ আবু সালেহ-এর উপস্থিতিতে মসজিদে নূর ইসলাম মিলনায়তনে বসে আনুষ্ঠানিকভাবে বর্তমান কমিটির নিকট চাবি এবং কিছু কাগজপত্র হস্তান্তর করেন।
বক্তারা অভিযোগ করেন, গহুর আহমেদ মসজিদটিকে নিজের দখলে নেওয়ার জন্য এর আগে ৫ আগস্ট ২০১৭ তারিখে বিল্ডিং ডিপার্টমেন্টে মসজিদের ট্রাস্টি বোর্ড পরিবর্তনের দরখাস্ত দেন। তিনি অন্যদের কাছে এই কথা গোপন রেখেছিলেন।
বক্তারা বলেন, এতে প্রমাণিত হয় ৮ আগস্টের পদত্যাগের আনুষ্ঠানিকতা ছিল গহুর আহমেদের সাজানো নাটক। এ বিষয়ে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, কার্যকরী কমিটি থেকে তিনি বিদায় নিয়েছেন, ট্রাস্টি বোর্ড থেকে নয়। এরই মধ্যে তিনি গত ২৩ নভেম্বর নিউইয়র্কে এসে কয়েকজন নিরাপত্তাকর্মী নিয়ে মসজিদে প্রবেশ করেন। পরদিন ২৪ নভেম্বর শুক্রবার নির্ধারিত সময়ের আগে সোয়া বারোটার দিকে মুসল্লিরা আসার আগে কয়েক জনকে নিয়ে তাড়াতাড়ি নামাজ আদায় করেন। নামাজ শেষে যাওয়ার পথে মসজিদ দেয়ালে একটা নোটিশ প্রদান করেন। এতে লেখা ছিল পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মসজিদ ভবন বন্ধ থাকবে। নোটিশ দেখে সেখানে উপস্থিত থাকা কয়েকজন মুসল্লি এর প্রতিবাদ করলে এতে সাবেক ইমাম গহুর ক্ষিপ্ত হয়ে তাঁদের অপমানিত করেন এবং মসজিদের দরজায় নতুন তালা লাগিয়ে দেন। বক্তারা জানান, এ নোটিশের পর গত কয়েক দিন যাবৎ স্থানীয় মুসল্লিরা ঠান্ডায় মসজিদের বাইরে নামাজ আদায় করছেন।