ব্রুকলিনে ঈদের জামাতে মেয়র ব্লাজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের জামাতে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান মেয়র বিল ডি ব্লাজিও
ঈদের জামাতে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান মেয়র বিল ডি ব্লাজিও

নিউইয়র্ক নগরের ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে অনুষ্ঠিত ঈদুল আজহার জামাতে হাজির হয়েছেন মেয়র বিল দি ব্লাজিও। ব্রুকলিন মুসলিম সেন্টারের আয়োজনে ব্রুকলিনের বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় প্রসপেক্ট পার্কে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোতে ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।
সকাল আটটার দিকে মেয়র ব্লাজিও এবং তাঁর স্ত্রী শারলিন ম্যাক ক্রে প্রসপেক্ট পার্কে ঈদের জামায়াতে হাজির হন। সেখানে তিনি ঈদের জামায়াতে উপস্থিত মুসল্লিদের অভিনন্দন জানান। এ সময় নিউইয়র্ক নগরের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিত মজবুত করার ক্ষেত্রে তাঁদের অবদানের কথা স্মরণ করেন তিনি।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, গত এক শ বছরের মধ্যে নিউইয়র্ক শহরে এখন সবচেয়ে বেশি অভিবাসী বসবাস করছেন। তাঁরা এই শহর থেকে কিছু নেন না, বরং তাঁদের মেধা, সততা, পরিশ্রম দিয়ে এই শহরকে আগের চেয়ে অনেক বেশি উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী করেছেন। সে কারণে অন্য সব কমিউনিটির মতো নিউইয়র্ক শহর মুসলমানদের বছরের দুটি ধর্মীয় দিনে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। এর ফলে অনেক মুসলমান পরিবার ও তাদের ছেলে-মেয়েদের জীবনে অনেক ভালো পরিবর্তন এসেছে।
মেয়র বলেন, আমেরিকার অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে যা অনভিপ্রেত। কিন্তু নিউইয়র্কে সব ধর্ম, বর্ণ ও জাতির অভিবাসী ভালোভাবে আছেন, থাকবেন। অভিবাসীরাই এই শহরের শক্তি, আমাদের অহংকার। মেয়র এই শহরের নিরাপত্তার জন্য নয় শ মুসলিম
পুলিশ কর্মকর্তার নিয়োগের কথা উল্লেখ করে তাঁদের ধন্যবাদ জানান।
মেয়র সবাইকে আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপনের আহ্বান জানান। তিনি ঈদ মোবারক বলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা শেষ করেন।
মেয়র বিল ডি ব্লাজিওর স্ত্রী শারলিন ম্যাক ক্রে সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান। তিনি বলেন, মুসলিম ইমাম ও স্কলারদের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। শারলিন নিউইয়র্কের বর্তমান ভাবমূর্তি ও অর্থনৈতিক শক্তির জন্য মুসলমানদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। শারলিন আরও বলেন, নিউইয়র্কে যেকোনো মানুষ বিপদে পড়লে তাঁদের সাহায্যের জন্য প্রশাসন তড়িৎ সাহায্য করার ব্যবস্থা রেখেছে। তিনি সবাইকে যেকোনো বিপদে ১-৮৮৮ এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
মেয়র বিল ডি ব্লাজিও এবং শারলিন ম্যাক ক্রে বক্তৃতা শেষ করার পর জামায়াতে অংশগ্রহণকারী হাজারো মুসলমান ঈদ মোবারক বলে তাঁদের
ধন্যবাদ জানান।