ব্রুকলিনে গাছবিনাশী ছত্রাকের সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনে ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে গাছ
ব্রুকলিনে ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে গাছ

ভয়াবহ এক ছত্রাকের সংক্রমণ হয়েছে নিউইয়র্কের ব্রুকলিনে। সেরাটোসিসটিস ফেগাসিরাম নামের এ ছত্রাকের আক্রমণে ব্রুকলিনের অধিকাংশ গাছ এরই মধ্যে আক্রান্ত হয়েছে। সম্প্রতি ব্রুকলিনের বেশ কয়েকটি এলাকার বিভিন্ন গাছ পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।

ব্রুকলিনের আশপাশের এলাকায় অন্তত ৩০টি গাছে এ ছত্রাকের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। ছত্রাকটির সংক্রমণে গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। বিজ্ঞানীরা এসব গাছকে রক্ষার চেষ্টা করছেন।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ কারেন স্নোভার নিউইয়র্ক ডেইলিকে বলেন, এ ছত্রাকের সংক্রমণে ওক উইল্ট নামের একটি রোগ হয়। প্রাথমিকভাবে ছত্রাকটি গাছের পাতায় ছড়িয়ে পড়ে। পরে ধীরে ধীরে পুরো শরীরে এর সংক্রমণ ঘটে। এটি একটি ভয়াবহ রোগ।
ওক উইল্ট মোকাবিলার লক্ষ্যে কারেন স্নোভার নিউইয়র্কের পরিবেশ সংরক্ষণ বিভাগ ও নগর উদ্যান বিভাগের সঙ্গে কাজ করছেন। রোগটির ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, একবার কোনো গাছ এ রোগে আক্রান্ত হলে আমরা সর্বোচ্চ এর ছড়িয়ে পড়া রোধে কাজ করতে পারি। দুঃখজনক হলেও সত্য যে এ রোগ গাছের জন্য অনেকটা মৃত্যুদণ্ড হিসেবেই হাজির হয়।
এ বিষয়ে নিউইয়র্ক ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৪০-এর দশকে ওক উইল্ট অনেকটা মহামারির মতো ছড়িয়ে পড়েছিল আমেরিকায়। কিন্তু সে সময় এটি নিউইয়র্কে দেখা যায়নি। ২০০৮ সালের দিকে প্রথম নিউইয়র্কে এ রোগের অস্তিত্ব পাওয়া যায়। সে সময় এর প্রাদুর্ভাব নিউইয়র্কের শেনেকট্যাডি কাউন্টিতে সীমাবদ্ধ ছিল। কিন্তু ২০১৬ সালে ছত্রাকটি ব্রুকলিন, লং আইল্যান্ড ও ক্যানানডাইগুয়ায় ছড়িয়ে পড়ে। বর্তমানে কুইন্সের দুটি গাছেও এ ছত্রাকের সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সেরাটোসিসটিস ফেগাসিরাম গাছের পানি সংবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সবার আগে পাতা ক্ষতিগ্রস্ত হয়। ক্রমে পুরো গাছের শরীরই এতে ভীষণভাবে আক্রান্ত হয়। ছত্রাকটি সংক্রমণের পর গড়ে তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট গাছটি মারা যায়। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ছত্রাকটির সংক্রমণ হয়। ওক উইল্ট মোকাবিলার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে আক্রান্ত অংশটি কেটে ফেলা। তবে সময়মতো তা করতে না পারলে আক্রান্ত গাছ বাঁচানো কঠিন হয়ে পড়ে।
কারেন স্নোভার জানান, ব্রুকলিনের গ্রিন-উড সিমেট্রিতে মোট ছয় শ ওকগাছ আছে। এর আশপাশের এলাকায় ওক উইল্ট রোগটি দেখা দেওয়ায় আমরা বেশ সতর্কাবস্থায় রয়েছি। নিয়মিত এখানকার গাছগুলো পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি উদ্যান বিভাগও সতর্ক নজর রেখেছে। কোনো গাছে অস্বাভাবিক কিছু দেখা গেলেই তারা তা চিহ্নিত করে আমাদের জানাচ্ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদেরও সহায়তা প্রয়োজন।