ব্রুকলিনে নারী আয়োজনে পিঠা উৎসব

ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশি নারীরা সম্প্রতি এক মজার পিঠা উৎসবের আয়োজন করেন। ১৪ জানুয়ারি স্থানীয় সাতজন এবং কুইন্সের একজন নারী বাসিন্দা এই পিঠা উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ব্রুকলিনের কেন্সিংটন এলাকার পি এস ২৩০ নং স্কুলের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই পিঠা উৎসবে যোগ দেন নারী-পুরুষ আর বাচ্চারা। আয়োজনে ছিল ব্রুকলিনে গঠিত নব গঠিত সংগঠন লেডিস ক্লাব। তাদের সহযোগিতায় ছিল নিউইয়র্কের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপা।
২০১৭ সালে সাংস্কৃতিক সংগঠন বিপা’ এককভাবে এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় এবার এই পিঠা উৎসব হয়, যেখানে প্রতিযোগীরা পূর্বঘোষণা অনুযায়ী পিঠার রকমারি সব আয়োজন নিয়ে হাজির হন। বিচারকদের সম্মিলিত রায়ে পিঠা উৎসব প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন কুইন্স-এর বাসিন্দা হাফিজা হোসেন। নগদে ১০০ ডলার পুরস্কার ও পান তিনি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হন, নাজমুন নাহার, তিনি পান ৮৫ ডলার, তৃতীয় মুনমুন সুলতানা ৭৫ ডলারের পুরস্কার, চতুর্থ হন, তাহমিনা আকতার রুনা ৫০ ডলার পুরস্কার, আর ৫ম হন, সৈয়দা সাদিয়া সুলতানা। তিনি পান ৪০ ডলারের পুরস্কার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, রেহানা ইয়াসমিন মনি, সৈয়দা নারিন হিরা এবং সুফিয়া মাহফুজ। সমগ্র অনুষ্ঠান সমন্বয় করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনি ফেরদৌস।