ব্রুকলিনে প্রথম কেনসিংটন মেলা
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় ২০ জুলাই দিনভর চলবে ‘কেনসিংটন মেলা’। প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে সাউথ এশিয়ান কালচারাল কালেকটিভ (এসএসিসি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)।
ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত কেনসিংটনে এ ধরনের মেলা নতুন না হলেও, বিপা ও এসএসিসির আয়োজনে এমন মেলা এই প্রথম। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা বসবে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে চার্চ অ্যাভিনিউ ও অ্যাভিনিউ সির মধ্যবর্তী রাস্তায়।
আয়োজক এসএসিসির মামনুনুল হক জানান, ‘কেনসিংটন মেলায় প্রধান আকর্ষণ হবেন বাংলাদেশের পল্লিগীতির সম্রাট প্রয়াত আবদুল আলিমের দুই মেয়ে জোহরা আলিম ও আসিয়া আলিম। এ ছাড়া গান গাইবেন আয়োজক দুই সংগঠনের শৌখিন শিল্পীরা। এদের মাঝে একটি বিরাট অংশ রয়েছে নতুন প্রজন্ম। মেলার স্টল ব্যবস্থাপনায় দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে।
বিপার এনি ফেরদৌস বলেন, বিপা ও এসএসিসি বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে লালন ও বিকাশে নিবেদিত। মেলায় খাবার, পোশাকসহ বিভিন্ন ধরনের স্টলের বরাদ্দ নিতে ৯১৭-৬৭৪-৪৭৪৬, ৯১৭-৮৫৬-৬৯৭৫ ও ৩৪৭-৪৫৯-৫২৪৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।