ব্রুকলিনের ওশান অ্যাভিনিউতে ৮ জুন একটি অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আরিফ মোহাম্মদ ইয়াকুব রনি (২৪) নিহত হয়েছেন। এ সময় আরেক তরুণ এহসানুল কবির ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। এক সপ্তাহেও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং খুনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহত এহসানুল কবির (২৩) এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হতে পারে বলে অনেকের ধারণা। তবে স্থানীয় কেউ কেউ বলছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত চক্রের সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
আরিফের বাবা আবু নাসের মোহাম্মদ ইয়াকুব এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, পুলিশ শুধু মেসেজ
দিয়ে তার নিহত হওয়ার খবর দিয়েছিল। এরপর এখন পর্যন্ত আর কোনো অগ্রগতির খবর জানায়নি।
ব্রুকলিনের মিনা স্ট্রিটের বাসিন্দা ট্যাক্সি চালক আবু নাসের মোহাম্মদ ইয়াকুবের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আরিফ বড়। তাদের বাড়ি বাংলাদেশের ফেনীর দাগনভূঁইয়ায়। আরিফ নিজেও ট্যাক্সি চালাতেন। নিহত আরিফের জন্ম ১৯৯৩ সালে।
নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ৮ জুন ব্রুকলিনের ওশান অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্ট ভবনের নিচে লবিতে ঝগড়া ও কথা-কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে যখন আরিফ হত্যাকাণ্ডের শিকার হয় তখন এহসানুল কবির নামের আরেক তরুণ তার সঙ্গে ছিল।
হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে জানতে চাইলে আরিফের বাবা আবু নাসের মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘হত্যাকারীদের কেউ পুলিশের কাছে ধরা পড়েছেন এমন কোনো খবর আমরা জানতে পারিনি, তবে এটা নিয়ে তদন্ত চলছে বলে জেনেছি। আমি বিশ্বাস করি খুব শিগগিরই কিছু বের হবে।’
কাউকে সন্দেহ করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আবু নাসের মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘সন্দেহ করার মতো কিছুই ছিল না আমার ছেলের জীবনে। সে একটি নির্দোষ ছেলে বলেই আমি জানি। তার অনেক বন্ধুবান্ধব ছিল। তারা সবাই বাংলাদেশি পরিবারের সন্তান। আর তাকে হত্যা করার জন্য কোনো বাংলাদেশি জড়িত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি আমার সন্তানকে তো আর ফেরৎ পাব না, কিন্তু আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চাই।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উবার ড্রাইভার হিসেবে আরিফ যাদের সঙ্গে চলাফেরা করতেন, তাদের প্রায় সবাই তার জানাজায় এসেছিলেন। আরিফের বাবা জানিয়েছেন, আরিফের বন্ধুদের বেশির ভাগকেই তিনি চেনেন না।
নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু জানিয়েছেন, এই ধরনের ঘটনা এর আগে কখনই বাংলাদেশি কমিউনিটিতে ঘটেনি যে, ২৪ বছরের একজন তরুণকে কোনো গোষ্ঠী বা গ্যাং সদস্যরা গুলি করে হত্যা করবে। তিনি জানান, এর আগে একটি ছেলে অতিরিক্ত মাদক সেবন করে ২০১৫/১৬র দিকে মারা গিয়েছিল। এই ঘটনাটি মাদকের সঙ্গেও সম্পর্কিত কিনা সেটাও স্পষ্ট নয়। যেহেতু বিষয়টির এখনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না এবং পরিবারের তরফ থেকেও কোনো কিছুকে সন্দেহ করা হচ্ছে না, সুতরাং এটা নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে পুলিশি তদন্ত প্রতিবেদনের ওপর।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডে হতবিহ্বল এখানকার কমিউনিটি। মানুষ নানা ধরনের বিষয়কে এই হত্যাকাণ্ডের পেছনের সম্ভাব্য কারণ বলে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বিষয়টি একটু জটিল। ওই তরুণ ওশান অ্যাভিনিউর যে এলাকায় গিয়েছিল সেখানেও অনেক বাংলাদেশির বসবাস আছে। এলাকাটি খুব খারাপ এমন নয়। সেখানে একজন তরুণকে হঠাৎ কেউ মেরে ফেলবে, এমনটা নয়। এমন নয় যে, সবাই সেখানে পিস্তল নিয়ে ঘোরে, এমন ঝোঁকের বসে মেরে দিয়েছে। এটা যে টার্গেট কিলিং ছিল, সেটা বোঝা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুবক, যিনি নিহত আরিফের বন্ধুদের ঘনিষ্ঠ তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে এলাকায় মাদকের আধিপত্য কেন্দ্রিক দ্বন্দ্ব থাকতে পারে বলেই তার সন্দেহ। তিনি বলেন, ‘হয়তো এমনও হতে পারে যে, নিহত আরিফ মাদকের সঙ্গে সম্পর্কিত নয়, তবে তার মামা-চাচাদের কারও কারও ব্যবসায়িক দ্বন্দ্বের শিকার তিনি হয়েছেন।’
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, আরিফের হত্যাকাণ্ডের দিন হাতে কোপের আঘাত পাওয়া এহসানুল কবির মাইমনিডেস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কাছে ঘটনার অনেক তথ্য পাওয়া যেতে পারে। সেই তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের সহজেই খুঁজে বের করা যেতে পারে।
ছবি: চাপাতির আঘাতে গুরুতর আহত এহসানুল কবিরকে হাসপাতালে নেওয়া হচ্ছে