ব্রুকলিনে শ্রমিকের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের অপেক্ষায় ব্রুকলিনে অভিবাসীরা।  ছবি: প্রথম আলো
কাজের অপেক্ষায় ব্রুকলিনে অভিবাসীরা। ছবি: প্রথম আলো

বাংলাদেশের মতো আমেরিকাতেও বসে শ্রমিকের হাট। জীবনের নানা ঘাটে ঘুরতে ঘুরতে শ্রমজীবী মানুষের লাইন পড়ে পুঁজির দেশে। ব্রুকলিনে বাঙালি অধ্যুষিত চার্চ ম্যাকডোনাল্ডের সামনে প্রতিদিন বসে শ্রমিকের হাট। এই হাটে প্রতিদিন প্রায় দুই শতাধিক শ্রমজীবী মানুষের সমাগম ঘটে।
প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে যে কেউ সারা দিনের জন্য মজুরি দরদাম করে কাজের জন্য শ্রমিকদের যেতে পারেন। শ্রমিকদের গায়ের জোর দেখে মজুরি নির্ধারণ করা হয়। এতে সারা দিনে ১০০ থেকে ৩০০ ডলার পর্যন্ত মজুরি মেলে শ্রমিকদের।
এই হাট থেকে শ্রমিকদের নির্মাণকাজের জন্য নিয়ে যাওয়া হয়। বেশি মজুরির মানুষকে দিয়ে ভারী কাজ করানো হয়। ইট, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী মাথায় বোঝাই করে পাঁচ-ছয় তলায় নিয়ে যেতে হয়। এসব কাজ যন্ত্রের সাহায্যে করানোর কথা, কিন্তু বাধ্য হয়ে সেগুলোই করছেন শ্রমজীবী মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, সকাল থেকে অনেকেই দালালদের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে ৫০-৬০ ডলার থেকে শুরু করে ১০০ ডলার পর্যন্ত শ্রমিকের মজুরি হাঁকতে থাকে। শ্রমিকেরাও তাঁদের দাম বলতে থাকেন। দাম পছন্দ হলে প্রয়োজনীয় কাপড়ের ব্যাগ নিয়ে কোম্পানির গাড়িতে উঠে পড়েন তাঁরা। নিউইয়র্কের কয়েকটি কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা সিন্ডিকেট করে ম্যাকডোনাল্ড থেকে শ্রমিকদের স্বল্প মজুরিতে বিভিন্ন স্থানে নিয়ে যান। সেখানে তাঁদের কঠোর পরিশ্রমের কাজ করানো হয়। নামমাত্র বেতনভুক্ত কাজের লোকজন সিটির আইন অনুসারে বেতন পান না বলে একাধিক অভিযোগ উঠেছে। এরপরও অমানবিক পরিশ্রম করতে হয় তাঁদের। কর্মক্ষেত্রে দুর্ঘটনাও ঘটেছে একাধিক জনের ক্ষেত্রে। অনেকেরই অঙ্গহানি ঘটেছে। কর্মক্ষেত্রে নির্ধারিত পোশাক, বেল্ট ও বুট যদি কোম্পানি সরবরাহ করত তাহলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পেত।
শ্রমিক তোবারক হোসেন বলেন, ‘বেতন যাই পাই তা দিয়ে আমাদের চলে যায়। তবে অনেক সময় যন্ত্রের কাজ আমাদের করতে হয়, তা শরীরে সয় না।’
স্প্যানিশ ভাষার রাউডো বলেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের কাজ করতেই হয় কিন্তু সে অনুযায়ী আমরা বেতন পাই না।’
আবুল ফজল বলেন, আগে শ্রমের মূল্য ছিল, বর্তমানে শ্রমের মূল্য পাই না। এর কারণ হলো কোম্পানিগুলো সিন্ডিকেট করে আমাদের দিয়ে কঠোর পরিশ্রম করায় এবং বেতন কম দেয়। কোম্পানিগুলোর সিন্ডিকেটের বাইরে গেলে কাজ পাওয়া যায় না।