ব্রুকলিনে স্কুলছাত্রীর ওপর হামলা
নিউইয়র্কে ব্রুকলিনের ইউটিকা অ্যাভিনিউয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী সংঘবদ্ধ হামলার শিকার হয়েছে। এ সময় তাকে মারধর করে মোবাইল ফোন ও ব্যাংকের কার্ড ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।
৫ মার্চ বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, ছিনতাই করার উদ্দেশ্যে চালানো হামলাকারীদের গ্রেপ্তারে ওই এলাকায় ব্যাপক অভিযান চলছে।
ঘটনাস্থলের কাছে একটি সেলুনের কর্মী কারলিটা গর্ডন বলেন, সংঘবদ্ধভাবে একজন নিরীহ শিক্ষার্থীর ওপর হামলা সত্যি মেনে নেওয়া যায় না। অসহায় মেয়েটির চিৎকার শুনে সেলুন কর্মী বাইরে এসে এই মর্মান্তিক চিত্রটি দেখেন। তিনি আরও বলেন, মেয়েটি আহত হয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত হামলাকারীদের একজন তার পা থেকে মোজা পর্যন্ত খুলে নিয়ে যায়। সভ্য সমাজে এ ধরনের নগ্ন হামলা চলতে দেওয়া যায় না। অচিরেই এ ধরনের কার্যকলাপ বন্ধ করা উচিত।