ব্রুকলিনের অধিকাংশ দোকান খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের দোকান গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে
ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের দোকান গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে

করোনার কারণে নেমে আসা স্থবিরতার পর এ সপ্তাহেই ব্রুকলিনের অধিকাংশ দোকান খুলেছে। পথে-ঘাটে আগের চেয়ে লোকসমাগম বেড়েছে। প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে। বেশির ভাগ নিত্যপণ্যের দোকান খোলায় ১১ মে সাধারণ মানুষকে লাইন ছাড়াই বাজার করতে দেখা গেছে।

১১ মে সোমবার সরেজমিনে দেখা গেছে, ব্রুকলিনের বেশির ভাগ গ্রোসারি, সেলফোন স্টোর, ট্যাক্স অফিস, ডানকিন ডোনাটস, কফিশপ, রেস্টুরেন্ট, চায়নিজ ফুড, সুপার মার্কেটসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খুলেছে। এতে ব্রুকলিন অনেকটাই আগের প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। সাধারণ মানুষ রাস্তায় চলাচল করছে। তবে সবাইকে মাস্ক পরে এবং অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রেখেই চলাফেরা করতে দেখা গেছে।

ব্রুকলিনের ব্যবসায়ী নিখিল বাবু জানান, আস্তে আস্তে মানুষের মন থেকে ভয় দূর হতে শুরু করেছে। মানুষ ঘর থেকে বের হচ্ছে। চার্চ ম্যাকডোনাল্ডের সুপার মার্কেট বাংলা নগরে বাজার করতে আসা রহিম উদ্দিন জানান, ‘আগের মতো তেমন শীত নেই। আবহাওয়াও ভালো। তাই বাজার করতে এলাম। আগে দোকান কম খোলা থাকায় লাইন ধরে বাজার করেছি। আজ বাজার করে শান্তি পেলাম, কোনো লাইন ধরতে হয়নি।’