ব্রুকলিনের পার্কে ইঁদুরের রাজত্ব!
ব্রুকলিনের পার্কগুলো ক্রমেই যেন ইঁদুরের রাজত্বে পরিণত হচ্ছে। শহরের অন্য যেকোনো পার্কের তুলনায় এ বছর ব্রুকলিনের ক্যারোল পার্ক থেকে এ বিষয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে। ইঁদুর দেখে ৩১১ হটলাইনে এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ গিয়েছে ৪৯ বার। ব্রুকলিনের প্রসপেক্ট পার্ক থেকে এ বিষয়ক অভিযোগ গিয়েছে অগণিত। চলতি মাসেই পার্কটিতে ইঁদুরের উপস্থিতির কথা জানিয়ে অভিযোগ করা হয়েছে ১৩ বার।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়, পুরো নিউইয়র্কেই ইঁদুরের উপদ্রব রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ব্রুকলিন যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। শিশুদের খেলাধুলার কেন্দ্র, বিশেষত বিভিন্ন পার্কে ইঁদুরের উপস্থিতি অস্বাস্থ্যকর পরিবেশের জানান দিচ্ছে। এটি সংশ্লিষ্ট সবাইকে উদ্বিগ্ন করছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
পার্কে ইঁদুরের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ব্রুকলিনের বাসিন্দা দিলজা কাসিমি (৩৬)। এ মা বলেন, ‘তারা (ইঁদুর) সব জায়গায় আছে। বিশেষত শিশুরা যেখানে খেলে, সেখানেই তাদের উপস্থিতি বেশি। আগস্টের পর থেকে আমিই দুবার ৩১১–এ ফোন করেছি। এমনকি এসব ইঁদুর বিভিন্ন খেলার সরঞ্জামেও উঠে বসে থাকে। শিশুরা এতে ভয় পায়।’
এদিকে পার্কের এক কর্মী জানালেন, ক্যারোল পার্কে রয়েছে শ শ ইঁদুর। এরা সব জায়গায় ছড়িয়ে থাকে। পার্ককে ইঁদুরমুক্ত রাখতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের।
চলতি মাসের শুরুর দিকে একটি খেলার মাঠে ইঁদুরনাশক ওষুধ ছিটিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। এটিও আরেক বিড়ম্বনার জন্ম দিয়েছে। কারণ, মাঠে খেলতে আসা শিশুরা বন্ধ গেটের সামনে হল্লা করছিল। আর তাদের ঠেকাতে রীতিমতো লড়তে হচ্ছিল মা–বাবাদের। এ ছাড়া বিষাক্ত এ ওষুধের প্রভাব পড়ছে আশপাশের এলাকার কুকুরসহ বিভিন্ন প্রাণীর ওপর।
গত সেপ্টেম্বরেই মেয়র ডি ব্লাজিও নিউইয়র্ক শহরের আপার ওয়েস্ট সাইডের ইঁদুর নিধনের জন্য ৭ লাখ ৫০ হাজার ডলারের একটি তহবিল ঘোষণা করেন। কিন্তু এ উদ্যোগের সুফল এখনো দেখা যাচ্ছে না। উল্টো ইঁদুরকে ঘিরে পুরো এলাকার জীবনমানের অবনতি ঘটছে। ব্রুকলিনসহ বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে ইঁদুরবাহিত ও এর নিধনে ব্যবহৃত ওষুধ থেকে সৃষ্ট বিভিন্ন রোগ। গত ২৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডি ব্লাজিও বলেছিলেন, ‘ইঁদুরের কারণে আমাদের বিভিন্ন এলাকার মানুষের জীবনমানের অবনতি হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তবে ক্যারোল পার্ক কর্তৃপক্ষের মুখপাত্র ক্রিস্টাল হাওয়ার্ড বলেন, বিভিন্ন অভিযোগ জমা হওয়ার পর সাত সপ্তাহ আগে কিছু উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ইঁদুরনাশক ওষুধ দেওয়া, ইঁদুরের তৈরি বিভিন্ন গর্ত বুজিয়ে দেওয়া ইত্যাদি। এর সুফলও এখন পাওয়া যাচ্ছে। বিষয়টি কঠিন। কিন্তু সংশ্লিষ্ট সবাই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।