ব্রুকলিনের পোতাশ্রয়ে লাশভর্তি ট্রাকের সারি

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়াদের লাশ ট্রাকে করে ব্রুকলিনের সানসেট পার্কের কাছে ৩৯ স্ট্রিটের পোতাশ্রয়ে রাখা হচ্ছে। ব্রুকলিনের এই পোতাশ্রয়টি বর্তমানে অস্থায়ী মর্গে পরিণত হয়েছে। এখানে শুধু লাশভর্তি রেফ্রিজারেটর ট্রাকের সারি।
৪ মে স্থানীয় বাসিন্দা জো বেগলির ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, ২৭টি মৃতদেহ ভর্তি রেফ্রিজারেটর ট্রাক সারিবদ্ধভাবে পোতাশ্রয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটি মিলিটারি গাড়ি ও একটি ফিউনারেল হোমের গাড়ি পোতাশ্রয়ে প্রবেশ করছে।
একটি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কের চিফ মেডিকেল এক্সামিনার অফিসের কর্মকর্তা ডায়না মেনোটিজ জানান, ১৫ দিনের মধ্যে লাশ গ্রহণের বাধ্যতামূলক নির্দেশ বর্তমানে শিথিল করা হয়েছে। যেন পরিবার ও ফিউনারেল হোমসের ওপর চাপ কমে। এ ছাড়া বর্তমানে মৃতদেহ সংগ্রহ ও যথোপযুক্ত সৎকারে পরিবার ও ফিউনারেল হোমসের ওপর অতিরিক্ত কাজে আমরা সাহায্য করতে চেষ্টা করছি। ৫ মে থেকে মৃতদেহ সংগ্রহের নতুন সময়সূচি সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ব্রুকলিনের একটি ফিউনারেল হোমস থেকে সম্প্রতি পুলিশ ইউহোল ট্রাকে রাখা প্রায় গলে যাওয়া ৫০টি লাশ উদ্ধার করে। এরপরই পোতাশ্রয়ে লাশভর্তি ট্রাক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।