ব্রেক্সিট নিয়ে গণভোটের পর হিংসাত্মক অপরাধ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হওয়ার পর ব্রিটেনে নজিরবিহীনভাবে বেড়েছে ধর্ম ও বর্ণবাদের সঙ্গে যুক্ত বিদ্বেষী অপরাধের ঘটনা। এতে সেখানকার সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠীর লোকেরা নিজেদের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি ঝুঁকির মুখে বলে বিবেচনা করছেন।

যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার এক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। ‘ফ্রিডম অব ইনফরমেশন (এফওআই)’ অনুরোধের আওতায় পুলিশের কাছ থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ব্রেক্সিট নিয়ে গণভোটের (২৩ জুন, ২০১৬) পর গত ১১ মাসে দেশটিতে ধর্ম ও বর্ণবাদসংশ্লিষ্ট বিদ্বেষী অপরাধের ঘটনা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৪০ হাজার ৭৪১ থেকে ৪৯ হাজার ৯২১টি।

এফওআই অনুরোধে ইংল্যান্ড ও ওয়েলসের ৩২টি পুলিশ বাহিনীর সাড়া দেওয়া ১১টি বাহিনীর তথ্যে দেখা গেছে, গিউয়েন্ট, নটিংহ্যামশায়ারসহ কিছু এলাকায় এক বছরে এ ধরনের অপরাধ বেড়েছে ৪০ শতাংশের বেশি। আর কেন্টে বেড়েছে ৫০ শতাংশের বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে গিউয়েন্টে অপরাধ ৩৬৭ থেকে বেড়ে হয়েছে ৬৪৯টি, কেন্টে ৮৭৪ থেকে ১ হাজার ৪৫২টি, ওয়ারউইকশায়ারে ২৮৬ থেকে ৪৭১টি ও নটিংহ্যামশায়ারে ৬৮১ থেকে ১ হাজার ৭১টি। যুক্তরাজ্যের সব এলাকাতেই এ-সংক্রান্ত অপরাধ বাড়লেও ব্যতিক্রম শুধু সিটি অব লন্ডন।

এর আগে স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০১১-১২ সালে এ অপরাধের সংখ্যা কমেছে দশমিক ৪ শতাংশ। তবে এর পরের বছর এক লাফে তা বেড়েছে ৭ শতাংশ, ২০১৪ সালে বেড়েছে ১৬ শতাংশ ও ২০১৫ সালে বেড়েছে ১৭ শতাংশ। আর সাম্প্রতিকতম ২৩ শতাংশ বৃদ্ধি যেকোনো বছরের জন্যই রেকর্ডসংখ্যক বৃদ্ধি।

গত বছর সংঘটিত হামলার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো—একজন মুসলিম নারীকে তাঁর হিজাব ধরে টেনে নিয়ে যাওয়া, রাস্তায় দুই পোলিশ নাগরিকের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে একজনকে হত্যা, একজন মুসলিম পুরুষ ও একজন মুসলিম নারীকে অ্যাসিড নিক্ষেপ করে তাঁদের স্থায়ীভাবে আহত করা ইত্যাদি।