ব্রেক্সিটের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের ঢেউ এখন সর্বত্র। ব্রেক্সিটের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রেও আলোচনা শুরু হয়েছে।
ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য। তাই দেশটির জনগণের সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রে নানা আলোচনা, বিচার-বিশ্লেষণ চলছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের তাৎপর্যপূর্ণ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
অনেকে মনে করছেন, যুক্তরাজ্যের জনগণ তাদের রায়ের মধ্য দিয়ে একটি অশনিসংকেত দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে এখন নতুন কৌশলে বিশ্ব পরিস্থিতি সামাল দিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রেও ব্রেক্সিটের প্রভাব নিয়ে চলছে মিশ্র আলোচনা।
বিশ্বের নানা বিষয়ে সাধারণ মার্কিনদের মধ্যে একধরনের ভাবলেশহীন মনোভাব দেখা যায়। যাঁরা এত দিন মনে করেছেন, ইইউ ছাড়া না-ছাড়া ব্রিটিশদের নিজস্ব ব্যাপার, তাঁরাও এখন নড়ে বসেছেন। তাঁদের মধ্যেও কাজ করছে অস্থিরতা।
গতকাল শুক্রবার ওয়ালস্ট্রিটের অস্থিরতায় সাধারণ মার্কিনদের টনক নড়েছে। যুক্তরাজ্যের গণভোটের জের ধরে পুঁজিবাজারে টান পড়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা বা ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁদের প্রতিক্রিয়ায় শক্তিশালী গ্রেট ব্রিটেনের কথা পুনরুল্লেখ করেছেন।
যুক্তরাজ্যের জনগণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মোট কথা, যুক্তরাজ্যের গণভোট দ্রুতই মার্কিন রাজনীতিতে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বায়নের এই যুগে যুক্তরাজ্যের ইইউ ত্যাগ আমেরিকার জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে।
ইউরোপে ব্রিটিশরাই আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তাই ব্রেক্সিটের প্রভাব যুক্তরাষ্ট্রের ওপরও পড়বে। গণভোটের পরদিনই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ধস হয়েছে।
যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর যুক্তরাজ্যে। ওই সব সদর দপ্তর থেকেই যুক্তরাষ্ট্র এত দিন ইউরোপে তাদের বাণিজ্যিক প্রভাব অব্যাহত রেখে আসছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে ইউরোপে তাদের বাণিজ্য-কৌশল নির্ধারণ করতে হবে।
যুক্তরাজ্যের মাধ্যমে ইউরোপে বাণিজ্য করার সুযোগ হাতছাড়া হওয়ার পর যুক্তরাষ্ট্রকে এখন ভিন্ন কৌশল নিতে হবে। ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাজ্যের গণভোটের ফলে ইউরোপজুড়ে নতুন করে অস্থিরতা শুরু হবে। ইউরোপের অন্য দেশেরও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অস্থির ইউরোপের নানা প্রভাব যুক্তরাষ্ট্রে পড়তে পারে।
অভিবাসী-শরণার্থী সামাল দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে বিপাকে পড়তে হতে পারে। এমনিতেই আমেরিকায় এখন অভিবাসনবিরোধী মনোভাব চরমে। শ্বেতাঙ্গদের উসকে দিয়ে রিপাবলিকান দলের ট্রাম্প মাঠে সক্রিয় আছেন। যুক্তরাজ্যের গণভোটের পর এই ব্যবসায়ী তাঁর গলা আরও বড় করেছেন। তিনি বলেছেন, গণভোটে ব্রিটিশরা তাঁদের রক্ষা করেছে। এমনি করে আগামী নির্বাচনে আমেরিকার জনগণও যেন নিজেদের রক্ষা করার জন্য ভোট দেন।
ট্রাম্প বলেছেন, বাণিজ্য, অভিবাসন ও বিদেশনীতি নিয়ে নিজেদের ঊর্ধ্বে রাখার জন্য আমেরিকার জনগণের ভবিষ্যতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
ট্রাম্পের এমন বক্তব্যে আভাস মেলে, যুক্তরাজ্যের গণভোট যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
নিউজার্সিতে বসবাসরত মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক এন ফেরার প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যে গণভোটের পর যুক্তরাষ্ট্রের লোকজনের দৃশ্যত একটাই লাভ। ধসে পড়া পাউন্ড স্টার্লিংয়ের সঙ্গে ডলারের বিনিময়মূল্য বাড়বে। ফলে মার্কিনরা কম খরচে যুক্তরাজ্য ভ্রমণে যেতে পারবেন।
সাধারণ মার্কিনরা মনে করেন, বিশ্বে মোড়লগিরির জন্যও শক্তিশালী ‘গ্রেট ব্রিটেন’ কাম্য আমেরিকার। মধ্যপ্রাচ্যে জঙ্গি মোকাবিলাসহ বর্তমান বিশ্ব বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কাছে শক্তিশালী ইইউ অপরিহার্য হয়ে উঠেছিল। ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষে রাখার কাজটি যুক্তরাজ্যের মাধ্যমেই করানো হতো। এখন ইউরোপে আমেরিকার প্রভাব দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রকে তাদের কর্মকৌশল নতুনভাবে নির্ধারণ করতে হবে বলেও মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে।