ব্রেননের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেননের নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এই পদক্ষেপের ফলে তাঁর কঠোর সমালোচক ব্রেনন কোনো স্পর্শকাতর তথ্যে প্রবেশাধিকার পাবেন না। অর্থাৎ তিনি আর অতি গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন পড়ার সুযোগ পাবেন না। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা ও নিরাপত্তার দায়িত্বের সঙ্গে জড়িত সাবেক কর্মকর্তাদের প্রতি সৌজন্য হিসেবে অতি গোপনীয় গোয়েন্দা তথ্য দেখার সুযোগ দেওয়া হয়ে থাকে।
কয়েকজন সাবেক কর্মকর্তার ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ বাতিল করার কথা ভাবা হচ্ছে বলে আগেই জানিয়ে ছিল ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স প্রেসিডেন্টের একটি বিবৃতি পাঠের মধ্য দিয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি জানিয়ে দেন।
প্রেসিডেন্টের বিবৃতিতে ব্রেননের অসাবধানী আচরণের কথা উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের সিদ্ধান্ত জানার পর টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রেনন। তিনি বলেছেন, এই পদক্ষেপ সমালোচকদের শায়েস্তা ও বাক্স্বাধীনতা নিরুদ্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্তৃত তৎপরতারই অংশ।
ট্রাম্পের পদক্ষেপের পর কথা বলার পরিণতি নিয়ে গোয়েন্দা পেশাজীবীসহ সব আমেরিকানকে দারুণভাবে উদ্বিগ্ন হওয়া উচিত বলে মন্তব্য করেন ব্রেনন।
ব্রেনন বলেন, ‘ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) চেয়ে আমার নীতিবোধ অনেক বেশি মূল্যবান। আমি দমে যাব না।’
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গত জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সমালোচনা হয়। তখন ব্রেননও ট্রাম্পের কড়া সমালোচনা করেন। ওবামা প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করা ব্রেনন বলেছিলেন, পুতিনের পক্ষাবলম্বন করে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা রীতিমতো রাষ্ট্রদ্রোহমূলক।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে সম্ভাব্য রুশ আঁতাত নিয়ে যুক্তরাষ্ট্রে যে তদন্ত হচ্ছে, সে ব্যাপারেও গত বছর ব্রেনন মন্তব্য করেন। তাঁর মন্তব্য ছিল ট্রাম্পের জন্য বেশ অস্বস্তিকর।
ব্রেননের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের সিদ্ধান্তকে তাঁর বিরুদ্ধে ট্রাম্পের প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে।