ব্লগার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশে ব্লগার হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ। ছবি: প্রথম আলো
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশে ব্লগার হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ। ছবি: প্রথম আলো

বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার প্রতিবাদে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
ব্লগার হত্যা ও তাঁদের খুনিদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জোট। মুক্তবুদ্ধি চর্চার ওপর অব্যাহত হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের সদস্যরা। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারের কাছে তাঁরা দাবি জানিয়েছেন।
সমাবেশে জোটের পক্ষে একটি প্রতিবাদপত্র উপস্থাপন করা হয়। এতে ধর্মীয় উগ্রবাদীদের খুঁজে বের করতে দরকার হলে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক সাহায্য গ্রহণের পক্ষে মত দেওয়া হয়।
প্রতিবাদপত্রে বলা হয়, খুনিদের গ্রেপ্তার ও অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা মুক্তবুদ্ধির বিরুদ্ধশক্তির হাত শক্তিশালী করবে।
সমাবেশে অংশ নেওয়া একাধিক বক্তা ধর্মীয় উগ্রবাদ ও মুক্তবুদ্ধির ওপর অব্যাহত হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে মত দেন।
মুক্তবুদ্ধির ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত বলেও মন্তব্য করেন বক্তারা।
দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সামনে জমায়েত এবং জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচিতে প্রবাসী চারুশিল্পীদের একটি দল ছবি এঁকে প্রতিবাদ জানায়। বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিরা অনেকে কবিতা ও গানের মাধ্যমেও তাদের প্রতিবাদ প্রকাশ করেন।