ব্লাজিওর দাতাদের পরিচয় প্রকাশের অপেক্ষায় নিকোল ম্যালিয়াটাকিস

নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনের অন্যতম প্রার্থী নিকোল ম্যালিয়াটাকিস। আর আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওর নির্বাচনী তহবিলের উৎস ঘোষণার অপেক্ষায় রয়েছেন তিনি। আর এ অপেক্ষার প্রতিরূপ হিসেবে নিজের ওয়েবসাইটে স্থাপিত একটি বিশেষ ঘড়িতে তিনি ডি ব্লাজিওর কথা না রাখার ‘সময় দৈর্ঘ্য’ প্রকাশ করছেন। ডি ব্লাজিওর দাতাদের নাম প্রকাশের আগ পর্যন্ত এ ঘড়ি ওই ওয়েবসাইটে থাকবে বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।
নিউইয়র্ক ডেইলিতে ২ আগস্ট প্রকাশিত এ বিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়, ডি ব্লাজিওর নির্বাচনী তহবিল গঠন-প্রক্রিয়া নিয়ে এর আগে ব্যাপক সমালোচনার জন্ম হয়। এ নিয়ে প্রশ্ন উঠলে ডি ব্লাজিও তাঁর দাতাদের নাম ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এরপর অনেক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তিনি তা করেননি। এদিকে এ প্রতিশ্রুতি প্রদান ও তা রক্ষার মধ্যে ব্যবধান গুনতে নিজের ওয়েবসাইটে একটি ঘড়ি ঝুলিয়ে দিয়েছেন মেয়র পদে রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী নিকোল ম্যালিয়াটাকিস।
যদিও ডি ব্লাজিও বলছেন, ‘এরই মধ্যে তিনি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। সিটি হলের (মেয়র কার্যালয়) কাছ থেকে সুবিধার বিনিময়ে অনেকেই নির্বাচনী প্রচারণা তহবিলে অর্থ দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমার তহবিল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।’ প্রসঙ্গত, ডি ব্লাজিওর নির্বাচনী তহবিল বিষয়ে একটি তদন্তও পরিচালিত হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তবে কিছু অসংগতির জন্য তাঁকে তিরস্কার করেছে তদন্তকারী কর্তৃপক্ষ।
কিন্তু ডি ব্লাজিওর এ বক্তব্যকে মানতে রাজি নন তাঁর প্রতিপক্ষরা। তাঁদের মতে, তদন্ত বা ডি ব্লাজিওর এখন পর্যন্ত দেওয়া তথ্য থেকে যতটুকু জানা গেছে, তা যথেষ্ট নয়। এ বিষয়ে নিকোল ম্যালিয়াটাকিস নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এ বিষয়ে তাঁর বক্তব্য যথেষ্ট নয়। তিনি একজনও দাতার নাম উচ্চারণ করেননি। কিংবা কোনো ধরনের সংশ্লিষ্ট প্রকল্পের কথা উল্লেখ করেননি। আমি মেয়রের কাছ থেকে সত্যিকারের উত্তরের জন্য অপেক্ষা করব। আমি তাঁকে প্রতিনিয়ত আহ্বান জানাব। আমি আশা করি সংবাদমাধ্যমগুলোও একই কাজ করবে।’
নিকোলের মতো একই অভিমত ব্যক্ত করেন মেয়র পদে স্বাধীন প্রতিদ্বন্দ্বী বো ডিয়েটল। ডি ব্লাজিওকে ‘হতাশা উদ্রেককারী’ উল্লেখ করে তিনি বলেন, ‘বরাবরের মতোই তথ্যের জন্য চাপ দিতেই মেয়র ছোটখাটো পাশ কাটানো বক্তব্য দিয়ে আমাদের ভোলাতে চাইছেন। এ বিষয়ক একটি সম্পূর্ণ নতুন ও স্বাধীন তদন্ত হওয়া উচিত।’