নিউইয়র্ক নগরকে ধূমপানমুক্ত করার অংশ হিসেবে আবাসিক ভবনকে অন্তর্ভুক্ত করায় ভবন মালিকেরা অস্বস্তিতে পড়েছেন। ভবন মালিকেরা মেয়র ডি ব্ল্যাজিওর এ নীতিমালাকে বাস্তব ও প্রয়োগসম্মত নয় বলে মনে করেন।
ধূমপানবিরোধী প্রস্তাবিত নীতিমালায় বাড়ির মালিকদের বলা হয়েছে, তাঁরা যেন বাসিন্দাদের নতুন আইনের বিষয়ে যথাযথভাবে অভিহিত করেন। ভবনের কোন কোন জায়গায় ধূমপানের অনুমতি থাকবে, তাও জানিয়ে দেবেন। সর্বোপরি ২০১৮ সালের আগস্টের শুরু থেকে বাড়ি ভাড়ার চুক্তিপত্রে ধূমপান-সংক্রান্ত নির্দেশনাটি উল্লেখ করতে হবে।
মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, নগরে ধূমপানের নীতিমালা লঙ্ঘনের কারণে কোনো ধরনের জরিমানা করা হবে না। তবে ভবনের মালিক কীভাবে এ নীতিমালা প্রয়োগ করবেন সে ব্যাপারেও নির্দেশনায় কোনো স্পষ্ট নির্দেশনা উল্লেখ করা হয়নি।
নগর প্রশাসনের নির্দেশনা ভাড়াটেরা মেনে চলছেন কিনা, তা তদারকি করা ভবনের মালিকদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি বাড়ির মালিকদের জন্য এমন নির্দেশনা অনুসরণ করা খুবই কঠিন। কে ধূমপান করেছে তার শক্ত প্রমাণ নিশ্চিত করা ভবন বা বাড়ির মালিকের পক্ষে খুবই কঠিন ব্যাপার।
ভাড়ায় পরিচালিত ভবনের মালিকদের প্রতিনিধিত্বকারী রেন্ট স্ট্যাবিলাইজেশন অ্যাসোসিয়েশনের সরকারি বিষয়াদি সংক্রান্ত পরিচালক ফ্যাঙ্ক রিকি বলেন, এটা কোনোভাবেই প্রয়োগের মতো নীতিমালঅ নয়। এটি ভবন মালিকদের অবমাননাকর অবস্থার দিকে ঠেলে দেবে। কারণ ভবনের ভাড়াটেরা বলতে পারেন, এ ভবনে ধূমপানের কোনো নীতি মানা হচ্ছে না। ভবনের মালিক এ ব্যাপারে কিছুই করছেন না। ভাড়াটেরা বাড়ির মালিকের বিরুদ্ধে মামলাও ঠুকে দিতে পারেন।
মেয়রের নারী মুখপাত্র অলিভিয়া ল্যাপেরোলরি বলেন, মেয়র কার্যালয় এ নীতিমালা বাস্তবায়নে বিস্তারিত প্রক্রিয়ার ওপর কাজ করবে। নগরের কর্মীরা ভবন পরিদর্শনের সময় নিশ্চিত হবেন, ভবনের মালিকেরা ধূমপানের নীতি যথাযথভাবে অভিহিত করেছেন। বর্তমানে নগরের কর্মীরা প্রতিবছর একবার ভবন পরিদর্শনে আসেন।
ভবনে ধূমপান নীতি বাস্তবায়িত হয়নি, নগর প্রশাসনের কর্মীরা এমন অভিযোগ পেলে তা খতিয়ে দেখবেন। এ নীতিমালা লঙ্ঘনের দায়ে ১০০ ডলার জরিমানা হতে পারে বাড়ির মালিকের।
বছরের পর বছর ধরে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ১০ বা ততোধিক ইউনিট রয়েছে এমন ভবনে এবং জনসাধারণের সমাগম হয় এমন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে। আগামী ফেব্রুয়ারির শুরু থেকে এ বিধিমালা সম্প্রসারিত হয়ে তিন বা ততধিক ভবনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।